যৌথভাবে কাজ করার লক্ষ্য নিয়ে পাকিস্তান বাটেক্সপো মেলায় অংশ নেবে
বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়ন এবং যৌথ উদ্যোগ গঠনে পাকিস্তান শিগগিরই ঢাকায় শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী পোশাক ও টেক্সটাইল প্রদর্শনী (বাটেক্সপো) ২০০৫-এ অংশ দিবে।
পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা সোমবার এ কথা বলেন। পাকিস্তান স্থানীয় তৈরি পোষাক ও নিটওয়্যার শিল্পে অন্যতম তুলা সরবরাহকারী দেশ।
পাকিস্তানের রপ্তানী উন্নয়ন ব্যুরো জানায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত প্রদর্শনীতে ডেনিম ফেব্রিক ও ডেনিম গার্মেন্টস সরবরাহকারিরা ১০টি স্টল দেবে।
মেসার্স ডেউড স্পিনিং মিলস প্রা. লি, মেসার্স কোয়ালিটি ডায়িং এন্ড ফিনিশিং প্রা. লি, মেসার্স ডেনিম ইন্টারন্যাশনাল, মেসার্স এক্স-পার্টেক্স ডেনিম মিলস এবং মেসার্স কটন সিটি’র মতো বড় ধরণের প্রতিষ্ঠানগুলো প্রদর্শনীতে অংশ নিবে।
পাকিস্তান হাইকমিশনের বাণিজ্য কাউন্সিলর রবিনা তৌফিক শাহ বলেন, কোটা উঠে যাবার পর বিশ্ব বাণিজ্যের বর্তমান পরিস্থিতিতে বালাদেশ ও পাকিস্তানে বিনিয়োগের সুযোগ বিরাজমান।
তিনি আরও বলেন,পাকিস্তান বাংলাদেশের টেক্সটাইল ও আরএমজি খাতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী গ্রুপের সাথে যৌথ উদ্যোগে কাজ করতে আগ্রহী।
চলতি মাসের ২৯ তারিখ থেকে শুরু হওয়া বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন (বিজিএমইএ) আয়োজিত বাটেক্সপো প্রদর্শনীতে বিভিন্ন দেশের ৭৯ টি স্টল স্থাপন করা হবে।
