২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের পাদুয়া সীমান্তে বিডিআর-বিএসএফ’র মধ্যে উত্তেজনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাদুয়া সীমান্তে বিডিআর ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সোমবার বিডিআর ও বিএসএফ এর ক্যাম্প কমান্ডার পর্যায়ে দু’দফা পতাকা বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই সম্পন্ন হয়।

সীমান্ত সূত্র জানায়, বিডিআর ও বিএসএফ উভয় দেশের ভূ-খন্ডে শক্তি বৃদ্ধি করছে। বিডিআর জোয়ানরা সীমান্তে টহল জোরদার করেছে।

রোববার বিকেল সাড়ে তিনটায় পাদুয়া সীমান্তে বাংলাদেশী ভূ-খন্ডে ঢুকে বিএসএফ তিন বাংলাদেশী নাগরিক আব্দুল মালেক (৩৫), ওয়াহিদ মিয়া (২০) ও আব্দুল আলিম (২৫) কে ধরে নিয়ে যায়। বিডিআর জোয়ানরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ’র কাছে এর কড়া প্রতিবাদ জানায়।

এ ঘটনার দু’ঘন্টা পর বিডিআর জোয়ানরা অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী ভূ-খন্ড থেকে দুই ভারতীয় নাগরিক বীর দাস (২৫) ও রতন সাঁওতালকে আটক করে। ঐ দিন রাত সাড়ে ন’টায় আরো আট ভারতীয়কে জাফলং চা বাগান থেকে আটক করে বিডিআর জোয়ানরা। আটককৃত ভারতীয় নাগরিকরা হচ্ছে বীনা কর্মকার (২২), চন্দন কেরালাল (১৬), উকিল কর্মকার (২৫), অনন্ত লায়েক (৩৫), যমিনি নাথ (২৭), সলীল শেঠী (৩৫), রঞ্জন চাষা (৪২) ও পলট গোয়ালা(৪০)। এদের বাড়ি ভারতের মেঘালয় রাজ্যের শিলংএ। অনুপ্রবেশের দায়ে দশ ভারতীয় আটকের পর বিএসএফ’র পক্ষ থেকে রোববার রাতেই পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয় বিডিআরের কাছে।