সিএমএম কার্যালয় দু’ভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) কার্যালয় দুই ভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকজন আইনজীবীর বিরোধিতার কারণে সিদ্ধান্তবিহীন বৈঠক শেষ হয় সোমবার।
ঈদের পর এ ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বৈঠক সূত্র।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে ‘সিএমএম আদালত বিভক্তিকরণ’ বিষয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
‘ঐতিহ্য নষ্ট এবং নতুন আইনজীবীদের মেধা বিকাশে অন্তরায় সৃষ্টি করে’ এ যুক্তিতে আইনজীবীরা সিএমএম কার্যালয় দুই ভাগে ভাগ করার বিরোধিতা করেন।
বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার বিষয় উল্লেখ করে সভায় জানানো হয়, কেবলমাত্র ঢাকা মেট্রোপলিটন এলাকাতেই প্রায় ৫০ হাজার মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া প্রতিমাসে প্রায় ৪,০০০ মামলা রুজু হয়।
সভায় আরও জানানো হয়, ২০০২ সালের ১০ এপ্রিল থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত দ্রুত বিচার আইনে ২,৫৫৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সম্পন্ন হয়েছে মাত্র ১,৪৮৮টি মামলা, যাতে ২,৭৩৯ ব্যক্তির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
সিএমএম আদালত ভাগ করার পক্ষে বক্তব্য রাখতে গিয়ে জানানো হয়, প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী মানুষ সিএমএম আদালতে ভোর থেকে রাত ১০টা পর্যন্ত অত্যন্ত অমানবিকভাবে অপেক্ষা করে। হাজার হাজার বিচারপ্রার্থী ছাড়াও ঢাকা বারের প্রায় ১০ হাজার আইনজীবী এবং তাদের কমপক্ষে ২০ হাজার সহকারী প্রতিদিন এ আদালত প্রাঙ্গণে বিচারকাজে অংশ গ্রহণ করেন। ফলে বিচারপ্রার্থীরা শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ওই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।
বর্তমানে একজন সিএমএম, দু’জন এডিশনাল সিএমএম এবং ২০জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এমএম) নিয়ে সিএমএম আদালত চলছে।
এসব দুর্ভোগ লাঘবের জন্যে ঢাকার আগারগাঁও/শেরেবাংলা নগরে ঢাকা মেট্রোপলিটন এলাকার উত্তর ও পশ্চিম জোনের ১১টি থানা এলাকার লোকদের জন্যে পৃথক সিএমএম আদালত স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এর আগে ১৬ জুন স্বরাষ্ট্র সচিবকে সংক্রান্ত একটি চিঠি দেন সিএমএম জালাল আহমেদ।
চিঠিতে ঢাকার উত্তর ও পশ্চিম অঞ্চলের ১১টি থানা এলাকার মানুষের জন্যে একজন এডিশনাল সিএমএম এবং প্রয়োজনীয় সংখ্যক এমএম সমন্বয়ে ঢাকার আগারগাঁও/শেরেবাংলা নগর এলাকায় পৃথক আদালত ভবন স্থাপনের প্রস্তাব করা হয়।
প্রতিবেশী রাষ্ট্র ভারতের দিল্লি ও কলকাতার উদাহরণ টেনে চিঠিতে আরও বলা হয়, এ ব্যবস্থা কার্যকর করা গেলে মামলার বিচার নিষ্পত্তি দ্রুততর হবে এবং জনগণের দুর্ভোগ বহুলাংশে লাঘব হবে। এছাড়া প্রস্তাবিত এলাকার ১১টি থানার পুলিশ ফোর্সের প্রচুর কর্মঘন্টা সাশ্রয় এবং প্রস্তাবিত এলাকা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামি আনা-নেওয়া আরও সহজ হবে বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সিএমএম জালাল আহমেদ, পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক আনোয়ারুল ইকবাল, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান, স্বরাষ্ট্র সচিব, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পাবলিক প্রসিকিউটর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
