২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা, আহত ৩

সন্ত্রাসও ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র সংগঠনের একটি মিছিল চলাকালে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলে তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এ ঘটনার পর ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ ও ছাত্রদল এর জন্য পরষ্পরকে দায়ী করেছে।

বোমা হামলায় আহতরা হলো ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রোটন, লালবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক এবং ঢাবি এস এম হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুখ। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেছে, আহতের সংখ্যা কমপক্ষে ৩০।

নির্বাচন কমিশনে অবৈধভাবে প্রায় দেড় শ’ ছাত্রদল নেতাকর্মীর রাজনৈতিক নিয়োগ বাতিলের দাবিতে সোয়া বারোটার দিকে ছাত্রলীগ নেতৃত্বাধীন সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র সংগঠনগুলো একটি মিছিল বের করে। মিছিলটি মধুর কেন্টিন এবং আইবিএ ভবনের পাশ দিয়ে অতিক্রম করার সময় পেছন দিকে দু’টি ককটেল হামলা হয়। এ সময় সবাই নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে থাকে। ক্যাম্পাসে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, বোমাগুলোর ধরণ দেখে মনে হচ্ছে, সেগুলো কলা ভবনের পাশ থেকে ছোঁড়া হয়েছিল। একটি বোমা আইবিএ ভবনের দেয়ালে এবং অন্য দুটি রাস্তায় বিস্ফোরিত হয়।

ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার এ ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করে বলেছেন, হাওয়া ভবনের নির্দেশেই ছাত্রদল এ হামলা চালিয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে।

প্রক্টর আ কা ফিরোজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।