প্রাথমিক শিক্ষক পদের প্রায় ৪ লাখ প্রার্থীর উত্তরপত্র মূল্যায়নে সংসদীয় কমিটির তাগিদ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে পরীক্ষায় অংশ নেওয়া তিন লাখ ৬৯ হাজার ২৯ জনের উত্তরপত্র ৩১ জানুয়ারির মধ্যে মূল্যায়ন জন্য তাগিদ দিয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু। উপস্থিত ছিলেন কমিটির সদস্য মজিবর রহমান, নজির হোসেন, কাজী আলাউদ্দিন, প্রধানমন্ত্রীর পক্ষে পরিবেশ মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
বৈঠকে জানানো হয়, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নির্বাচিত এক হাজার ৮১৪ জনকে শিগগিরই নিয়োগ দেওয়া হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ নিয়োগপত্র দেওয়া হবে।
দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-২) আওতায় আরো দুলাখ ২২ হাজার ২০১ জন শিক্ষক নিয়োগ করা হবে। ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পর্কিত যাবতীয় প্রক্রিয়া চুড়ান্ত করা হবে বৈঠকে জানানো হয়।
