১২ হাজার কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বেদখল
দেশের মোট ১ লাখ ২২ হাজার একর ওয়াকফ জমির মধ্যে এক লাখের বেশি একর এখন বেদখলে চলে গেছে। এর মূল্য ১০ থেকে ১২ হাজার কোটি টাকা।
রোববার ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি, জামাতের সাংসদ দেলোয়ার হোসেন সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন শাজাহান খান, মুফতি মোহাম্মাদ ওয়াক্কাস ও মতিউর রহমান।
বৈঠকে বলা হয়, প্রশাসনের গাফিলতি ও দুর্বল আইনের কারণে ওয়াকফ সম্পত্তি বেদখলের পরিমাণ বাড়ছেই।
এতে যাকাতের অর্থ বাড়াতে সরাসরি প্রধানমন্ত্রীর মাধ্যমে যাকাতের অর্থ সংগ্রহের সুপারিশ করা হয়।
বৈঠকে আওয়ামী লীগ সাংসদ শাজাহান খান ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের অব্যবস্থাপনার কারণে এ বছর ব্যালটি হাজ্বীর সংখ্যা কমেছে। বাড়ি ভাড়াসহ সব ক্ষেত্রেই ব্যয় বাড়ানোর কারণে এ অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে।
কমিটির অন্য সদস্যরাও ব্যালটি হাজ্বীর সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে হজ্ব যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্যে তাগিদ দেওয়া হয়।
কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী বলেন, প্রধানমন্ত্রী দুর্যোগকালে অর্থ সংগ্রহের মতো যাকাতের অর্থ গ্রহণ করলে অনেক ধনাঢ্য ব্যক্তি উৎসাহিত হবেন। এতে যাকাতের সংগ্রহ বাড়বে।
তিনি বলেন, বিশ্বের ইসলামী দেশগুলোতে ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয় আছে। ওয়াকফ সম্পত্তি থেকে আয়ের অর্থ দারিদ্র্য বিমোচনে ব্যয় হয়। তবে আমাদের দেশে এ ব্যবস্থা নেই।
