রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ, নগরবাসীর দুর্ভোগ
মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার রাতে এবং শনিবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ পরিমান ১৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অপরদিকে, সাতক্ষীরায় ৭৫ মি.মি, কক্সবাজারে ৭১ মি.মি, সিলেটে ৫২ মি.মি, ঢাকায় ৫০ মি.মি, রাজশাহীতে ৩৮ মি.মি, কুমিল্লায় ৩৩ মি.মি, টাঙ্গাইলে ২৯ মি.মি, সন্দ্বীপে ২৩ মি.মি, এবং বরিশালে ১৯ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভারি বর্ষণের কারণে শনিবার সকালে চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা এবং যানজটের সৃষ্টি হয়।
এদিকে ভারি বৃষ্টিপাতের কারণে ঢাকার পানি নিষ্কাশন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এতে নগরবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করে।
বর্ষা মৌসুম হিসেবে শনিবারের বৃষ্টি খুব একটা বেশি ছিল না। তবে জলাবদ্ধতার কারণে রাস্তায় বের হওয়া নগরবাসীর জন্য তা দুর্ভোগে পরিণত হয়।
নগরীর পলাশী, নিউ এলিফেন্ট রোড, মিরপুর, রোকেয়া সরনী, সেন্ট্রাল রোড, ক্রিসেন্ট রোড, কাপ্তান বাজার ও পুরান ঢাকার চিত্র ছিল একই।
এদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৩৪ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমিল্লায় ২৩ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং খুলনা বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিপাতের পরিমান বাড়লেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়।
