সীমান্ত বাণিজ্য ফের চালু করার ব্যাপারে আলোচনার জন্য মায়ানমারের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
প্রতিবেশী দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য পুরোদমে ফের চালু করার বিষয়ে আলোচনার জন্য মায়ানমারের বাণিজ্যমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল টিন নাইয়িং থেন তিনদিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছেছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বিডিনিউজকে জানান, সম্প্রতি মায়ানমার সীমান্ত সংলগ্ন দক্ষিণ-পূর্ব বান্দরবানের বন থেকে অস্ত্র উদ্ধারের পর বাংলাদেশ মায়ানমারের সাথে সীমান্ত বাণিজ্য প্রায় বন্ধ করে দেয়।
রাষ্ট্রীয় শান্তি ও উন্নয়ন পরিষদ এবং মায়ানমার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধান জেনারেল থুরা শয়ে মান’র নেতৃত্বে মায়ানমারের ৩১ সদস্য বিশিষ্ট
উচ্চপদস্থ প্রতিনিধি দলের অন্যতম প্রভাবশালী ব্যক্তি জেনারেল থেন।
বৈঠকে অবৈধ জঙ্গি আন্দোলন ও অস্ত্র ইস্যু নিয়ে আলোচনা হবে বলে প্রতিনিধি দল আশা প্রকাশ করছে। অবৈধ জঙ্গি আন্দোলন ও অস্ত্র ইস্যুর কারণে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বাধাগ্রস্ত হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানায়, ঢাকা রেঙ্গুনকে বাংলাদেশের
অভ্যন্তরে মায়ানমারের জঙ্গিদের ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছে।
উভয় দেশের বাণিজ্যমন্ত্রী আগামী বছরের মধ্যে বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্য ৩০ মিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি করে ১০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার ব্যাপারে আলোচনা করবেন।
বাংলাদেশ-মায়ানমার চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদ মাকসুদ খান বলেন,কার্গো শিপিং চুক্তি না থাকার কারণে উভয় দেশই বাণিজ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
এছাড়াও মায়ানমারের পিঁয়াজ ও কাঠ সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে পৌঁছে বিধায় এক্ষেত্রে অতিরিক্ত পরিবহন খরচ পড়ে।
চলতি মাসের ২৫-২৭ তারিখে বাংলাদেশের একটি প্রতিনিধি দল রামু-গাণ্ডম সড়ক নির্মাণ নিয়ে আলোচনা করতে রেঙ্গুন সফর করবে। এই সড়ক নির্মিত হলে বাংলাদেশের সাথে চীন, থাইল্যান্ড ও পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সড়ক যোগাযোগ সৃষ্টি হবে।
