২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্টের বোমা হামলা : গোয়েন্দা তদন্তে নতুন কিছু নেই

দেশজুড়ে ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শনিবার জয়পুরহাট হতে নিষিদ্ধ জাম’আতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)-এর আরো একজনকে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এছাড়া, নওগাঁয় গ্রেফতারকৃত জেএমবি নেতা কাইয়ুমকে ঢাকার যৌথ তদন্ত সেল (জে আই সি)-এ পাঠানো হয়েছে। তবে, গ্রেফতারকৃত খুলানা নগরীর সেন্ট যোসেফস হাইস্কুলের শিক্ষক আলহাজ্ব আব্দুল হাকিম গাজীকে পুলিশ ছেড়ে দিয়েছে।

বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, জেলার সদর উপজেলার পাঁচুর চক গ্রাম থেকে পুলিশ শনিবার সকালে জেএমবি’র সদস্য সন্দেহে আব্দুস সামাদের পুত্র জিয়াউর রহমান জিয়া (২৫) কে গ্রেফতার করে।

পুলিশ জানায়, জেএমবি’র গ্রেফতারকৃত দুই সদস্য সহোদর জাহাঙ্গীর ও রবিউল সিরিজ বোমা বিস্ফোরণের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তাদের দেয়া তথ্যানুযায়ী জিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে বোমা বিস্ফোরণ ও জেএমবি সদস্য সন্দেহে জেলায় ২৯ জনকে গ্রেফতার করা হলো।

নওগা প্রতিনিধি জানান, নওগাঁয় গ্রেফতারকৃত জিএমবি নেতা কাইয়ুমকে শুক্রবার ঢাকার জে আই সি'তে পাঠানো হয়। নওগাঁ সদর থানা পুলিশ আব্দুল কাইযুমের ১০ দিনের রিমান্ডের ৬ষ্ঠ দিনে তাকে ঢাকা পাঠায়। পুলিশ জানায়, সে জঙ্গি তৎপরতা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এবং তার তথ্যানুসারে গ্রেফতার তৎপরতা অব্যাহত রয়েছে।

খুলনা প্রতিনিধি জানান, বোমা হামলা সাথে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত খুলানা নগরীর সেন্ট যোসেফস হাইস্কুলের শিক্ষক আলহাজ্ব আব্দুল হাকিম গাজীকে পুলিশ ছেড়ে দিলেও তাকে খুলনার বাহিরে না যার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোন সময় আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

পুলিশ জানায়, ১৭ আগস্টের পূর্বে জুলাই মাসের শেষে এবং আগস্ট মাসের প্রথম সাপ্তাহে পৃথক দু’টি কার্টুনে বিপুল পরিমান বিস্ফোরক সামগ্রী নগরীর বাগমারাস্থ আব্দুল হাকিমের বাসভবনের ঠিকানায় আসে। কার্টুন দু’টির বিস্ফোরক দিয়ে খুলনার জন্য ২০/২৫টি বোমা তৈরি হয় এবং বাকি বিস্ফোরক লোক মারফত ছোট ছোট প্যাকেটের মাধ্যমে খুলনার পার্শ্ববর্তী জেলাগুলোতে পাঠানো হয়।

পাশাপাশি, ঢাকার ধামরাইয়ে গ্রেফতার এরশাদকে নিয়ে পুলিশ শুক্রবার বিভিন্ন স্থানে তল্লাশী অভিযান চালিয়েছে তার অপর সহযোগিদের গ্রেফতার করার জন্য।

তবে, তদন্তে নতুন কোন গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখাতে পারেননি বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।