২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বাণিজ্য আইন ২০০৫ এর ওপর চাপ প্রয়োগে বাংলাদেশ নেপাল যৌথ উদ্যোগ

যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক মুক্ত তৈরি পোশাক রপ্তানির সুযোগ লাভের জন্য বাংলাদেশ ও নেপাল যৌথ উদ্যোগ নেবে। এ লক্ষ্যে কৌশল নির্ধারণের জন্য চলতি সাপ্তাহেই উভয় দেশের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এ সাপ্তাহে নেপাল সফরে গেলে এ বিষয়ে অনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে।

সরকারি সূত্র জানায়, কৌশল পত্র তৈরির আগে উভয় দেশের মধ্যে উৎপাদন পর্যায়ে সাধারণ বোঝাপড়া তৈরি করতে হবে।

নেপালে বাংলদেশ বাণিজ্য মেলা উদ্বোধন করতে বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বুধবার নেপাল যাবেন। এসময় তিনি নেপালের কর্মকর্তাদের সাথে অর্থনৈতিক বিষয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

নেপালের গার্মেন্টস এসোসিয়েশনের সভাপতি বলেন, নেপালের গার্মেন্টস উদ্যোক্তাদের সাথে বাণিজ্য মন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। বৈঠকে কোটা উঠে যাবার পর নেপালের শিল্প প্রতিষ্ঠানের ওপর এর যে প্রভাব পড়েছে, তা নিয়ে আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইন-২০০৫ এর ওপর কি করে চাপ প্রয়োগ করা যায়, সে ব্যাপারেও আলোচনা হবে।

ট্যারিফ রিলিফ এসিস্ট্যান্স ফর ডেভলপিং ইকোনমিস অ্যাক্ট নামে পরিচিত যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইন-২০০৫ চলতি বছরের জানুয়ারির ২৬ তারিখে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উত্থাপিত হয়। এতে উল্লেখ থাকে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি স্বল্পোন্নত দেশের ৩,৬৭৭টি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুযোগ থাকবে। যার মধ্যে তৈরি পোশাক, কার্পেট, হস্তশিল্প, চিনি, ওলিভ, দুধ এবং প্লাস্টিক দ্রব্য রয়েছে।

বর্তমানে আইনটি সিনেটের অর্থ কমিটি এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’র বাণিজ্য কমিটিতে আলোচনা পর্যায়ে রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাণিজ্য মন্ত্রীর নেপাল সফরের সময় যাতে যৌথ লবির কৌশল পত্র নিয়ে আলোচনা হয়-এ বিষয়ে নেপাল বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানায়।

বিজিএমইএ সভাপতি আনিসুল হক জানান, বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগ সম্পর্কে তিনি কিছু জানেন না।

তিনি বলেন, আমরা ইতিমধ্যেই আমাদের ‘লবিস্ট’ নিয়োগ করেছি। শুধু গার্মেন্টস উদ্যোক্তারাই নয়, আইনটিতে চাপ প্রয়োগের জন্য ১৪টি স্বল্প উন্নত দেশ যৌথভাবে লবিস্ট নিয়োগে সম্মত আছে।

বাংলাদেশ, ভূটান, মালদ্বীপ,নেপাল, কম্বোডিয়া , আফগানিস্তান, সামোয়া, সলোমান দ্বীপপুঞ্জ, পূর্ব তিমুর, টুভালু, ভানুয়াতু, ইয়েমেন, কিরিবাতি এবং লাওস এ আইনের ফলে লাভবান হবে।

সূত্র মতে, একই ধরনের আইন হচ্ছে আফ্রিকান গ্রোথ এন্ড অপরচনিটি অ্যাক্ট, যা ২০১৪ সাল নাগাদ কর্যকর হবে। রুল অব অরিজিন শর্তের আওতায় সুযোগ লাভকারী দেশগুলো যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক মুক্ত পন্য রপ্তানির সুবিধা পাবে।