২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক পর্যায়ে ৮৫ ভাগ স্তন ক্যান্সার চিকিৎসায় নিরাময় সম্ভব

প্রাথমিক পর্যায়ে ৮৫ ভাগ স্তন ক্যান্সার চিকিৎসায় নিরাময় সম্ভব। তবে ক্যান্সারে আক্রান্ত হলে চিকিৎসা ব্যয়বহুল ও নির্মূল অসম্ভব হয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

স্তন ক্যান্সার বিষয়ক সেবা সপ্তাহ’র উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ‘স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা’ শীর্ষক এক আলোচনা সভা থেকে এ কথা জানা গেছে। বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশন হাসপাতাল শনিবার প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে।

সেমিনারে বক্তারা স্তন ক্যান্সার বিষয়ে ব্যাপক গণ সচেতনতা তৈরীর ওপর গুরুত্বারোপ করে বলেছেন, প্রকৃত পক্ষে ক্যান্সার নির্মূল সম্ভব নয়, প্রতিরোধ সম্ভব। তাই ক্যান্সার হওয়ার আগেই প্রতিরোধের সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ডা. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

মূল প্রবন্ধে ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ক্যান্সার প্রতিরোধে ২০ বছর থেকে শুরু করে সকল বয়সী নারী নিজে নিজের স্তন পরীক্ষা করলে প্রাথমিকভাবে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের ক্যান্সারে আক্রান্ত মহিলাদের মধ্যে প্রায় ২০ থেকে ২৫ শতাংশ মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত। তিনি বলেন, নির্দিষ্ট পদ্ধতিতে চিকিৎসক বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের দ্বারা নিয়মিতভাবে সকল পরীক্ষার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা এই গনসচেতনতা মূলক সেমিনার শুধু ঢাকাই নয়, সারাদেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহবান জানান।

ডা সৈয়দ মো.আকরাম হোসেন বলেন, ২০২০ সাল নাগাদ মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়াবে ক্যান্সার। তিনি আরও জানান, মহিলাদের স্তন ক্যান্সার বংশগতও হয়। তাই মা, খালা, নানীর থাকলে আগেভাগে পরীক্ষা করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে প্রতিটি বিভাগীয় শহরে ঈদের পরে স্তন ক্যান্সারের স্কিনিং পরীক্ষা করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক একেএম গোলাম মোহাম্মদ, শাহাদত হোসেন, সৈয়দ আকরাম হোসেন প্রমূখ।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশন হাসপাতালের স্তন ক্যান্সার সেবা সপ্তাহ চলবে।