বজ্রপাতে ৪ জনের মৃত্যু, প্রচণ্ড বৃষ্টির কারণে দুর্ভোগ
চট্টগ্রামে বজ্রসহ ভারিবৃষ্টিপাতের কারণে শনিবার সকাল থেকে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
বৃষ্টির পানিতে চট্টগ্রাম মহানগরীর এক তৃতীয়াংশ এলাকা তলিয়ে গেছে। পৃথক দুটি বজ্রপাতে সীতাকুণ্ডে এক মহিলাসহ চার ব্যক্তি প্রাণ হারিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় সাগরে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হয়েছে ছনাবসি জলদাস (৪৪), নেপাল জলদাস (৩৫)ও নেপাল জলদাস (৪০)। সীতাকুণ্ডের জাহানাবাদে বজ্রপাতে নিহত হয়েছে অজ্ঞাতনামা এক মহিলা।
ভারিবর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট ওঠা নামায় বিলম্ব হয়েছে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম সমুদ্রবন্দর সূত্র জানায়, বৃষ্টিপাতের কারণে ভাল্ক কার্গো থেকে মাল খালাসে বিঘ্ন ঘটেছে।
নগরীর অধিকাংশ রাস্তায় তিন থেকে পাঁচ ফুট পানি জমে আছে। ভয়াবহ ট্রাফিক জ্যামের কারণে নগরবাসীকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে হয়েছে।
নগরীর নিচু এলাকার বহু ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে।
আবহাওয়া দপ্তর সূত্র জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৬টা থেকে চট্টগ্রাম অঞ্চলে বজ্রপাতসহ ভারি বৃষ্টি শুরু হয়। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৫৮ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারা দিন ভারিবর্ষণ অব্যাহত থাকার পূর্ভাবাস দেয়া হয়েছে।
বৃষ্টির পানিতে নগরীর চকবাজার,চাঁদগাঁও, বহদ্দার হাট, পাঁচলাইশ, মুরাদপুর কাতালগঞ্জ, হালিশহর, আগ্রাবাদ, বাকলিয়া, চাকতাই, শুলকবহর কাট্টলী এলাকায় জলাবদ্ধতা সবচেয়ে ভয়াবহ আকার ধারন করেছে।
