কুড়িগ্রামে ডব্লিউএফপি’র কার্যক্রমে বিতরণ করা হচ্ছে খাওয়ার অনুপযোগী বিস্কুট: স্বাস্থ্যঝুঁকির শিকার ৩ লাখ শিশু
কুড়িগ্রাম জেলায় ডব্লিউএফপি’র স্কুল ফিডিং কার্যক্রমে সরবরাহকৃত বিস্কুট নষ্ট, ময়লাযুক্ত ও পোকায় খাওয়া।
স্থানীয় শিক্ষকরা অভিযোগ করেছেন, এসব বিস্কুট খেয়ে ইতোমধ্যে শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে। জেলার তিন লাখ শিশু পড়েছে স্বাস্থ্যঝুঁকির মুখে।
সরেজমিনে জানা যায়, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সরকারি এবং বিভিন্ন এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে ২০০১ সাল থেকে নিউট্রিশন ফর এডুকেশন প্রোগ্রাম (স্কুল ফিডিং) চালু হয়। এ কর্মসূচির লক্ষ-স্কুলে ভর্তি বাড়ানো, ঝরে পড়া রোধ, উপস্থিত বুদ্ধি ও মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষাগ্রহণ ক্ষমতা বাড়ানো। এর আওতায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও পঞ্চগড় জেলায় ৩ হাজার ৪১৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ লাখ ৯২ হাজার ৬৩৭ জন শিক্ষার্থীকে প্রতিদিন ভিটামিন ও খনিজ লবণসমৃদ্ধ ৭৫ গ্রাম ওজনের এক প্যাকেট করে বিস্কুট দেওয়া হচ্ছে।
এর মধ্যে কুড়িগ্রাম জেলার ১ হাজার ২০০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ লাখ শিক্ষার্থীর মধ্যে বিস্কুট বিতরণের দায়িত্বে রয়েছে আরডিআরএস নামে একটি এনজিও। গত এক মাস ধরে দেখা যায়, প্রতিষ্ঠানটি স্কুলগুলোতে নিম্নমানের বিস্কুট সরবরাহ করছে।
এতে বাধ্য হয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিস্কুট বিতরণ বন্ধ করে দিয়েছে। কিন্তু বিস্কুট বিতরণ বন্ধে সরকারি নির্দেশ না পাওয়ায় সব শিক্ষা প্রতিষ্ঠান বিতরণ কার্যক্রম বন্ধ করেনি।
কুড়িগ্রাম পৌরসভার কিশলয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে থানা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্কুলগুলোকে বিস্কুট বিতরণ বন্ধ রাখার মৌখিক নির্দেশ দিয়েছেন।
শহরের ১০টি স্কুলে সরেজমিনে দেখা গেছে, সব বিস্কুটই নষ্ট, ময়লাযুক্ত এবং পোকায় ধরা। বিস্কুটের কার্টন ও প্যাকেটের গায়ে প্রস্তুতকারকের নাম ‘গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক লিমিটেড, দরবেশপুর, বেগমগঞ্জ, নোয়াখালী’ লেখা রয়েছে।
শিক্ষার্থীরা বলেছে, এসব বিস্কুট তেতো স্বাদের এবং খেলে বমি আসে।
শহরের এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জনতা রেজি. প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন সহকারী শিক্ষক বলেন, সরবরাহকৃত বিস্কুট খাওয়ার অনুপযোগী।
এছাড়া রৌমারী, রাজিবপুর, চিলমারী, রাজারহাট, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ি এবং উলিপুর উপজেলা থেকে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে আরডিআরএস’র সমন্বয়কারী আবু হাসান শেলী ফোনে জানান, নিম্নমানের বিস্কুটগুলো পরিবর্তন করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ডব্লিউএফপি’র সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক লিমিটেডের সাথে চুক্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
