২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮, আহত অর্ধ শতাধিক

দেশের বিভিন্ন স্থানে সোম ও মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়েছে। বাগেরহাট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, রাজবাড়ী, পাবনা ও টাঙ্গাইলে এসব দুর্ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বিডিনিউজ বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মংলা মহাসড়কে মঙ্গলবার বিকেলে একটি প্রাইভেট কার ও যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে।

নিহতরা হচ্ছে, খুলনার পদ্মা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জাবেদ আনোয়ার (৪৪), তার স্ত্রী শাহানা আনোয়ার (৩৫), তাদের ৯ বছরের কন্যা, ৫ বছরের পুত্র এবং আনুমানিক ১৮ বছর বয়সী অপর এক যুবক। নিহত দুই শিশু এবং অপর যুবকের নাম জানা যায়নি। জাবেদ নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা-মংলা মহাসড়কের বড় খাজুরা স্ মিলের সামনে বিকাল সাড়ে ৪ টা নাগাদ ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-জ ৪৪৬৪) ও বাগেরহাটগামী প্রাইভেট কারের (খুলনা মেট্রো-গ ১১-০০৬২) সাথে মুখোমুখ সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট থানা পুলিশ দৃর্ঘটনার পর ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এসময় প্রায় দুই ঘন্টা খুলনা-মংলা সড়কে বাস চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সিলেট মহাসড়কের নোয়াগাঁও নামক স্থানে মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ¦বর্তী খাদে পড়ে গেলে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্র জানায়, সিলেট থেকে দিরাই-এর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সকাল ১১ টার দিকে নোয়াগাঁওয়ের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। নিহতরা হলো শাল্লা উপজেলার কাশিমপুর গ্রামের শামসুল হক ও দিরাই উপজেলার নয়ারচর গ্রামের রাজিয়া। নিহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি।

বিডিনিউজ ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার তিনজন নিহত এবং কমপক্ষে ৩৮ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার ঢাকা থেকে শেরপুরগামী ড্রিমল্যান্ড পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৯ টায় ভালুকা উপজেলার ভরাডুবা নামক স্থানে অপর একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত দুজন নিহত এবং আরও ৩৪ জন আহত হয়।

আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে ভোরে একই সড়কে ত্রিশাল উপজেলার বইলর নামক স্থানে ঢাকাগামী মাছবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই রতন (৩২) নামে একজন নিহত হয়। এই ঘটনায় আরও চারজন আহত হয়।

এ ব্যাপারে স্থানীয় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ পাবনা প্রতিনিধি জানান, পাবনায় শ্যালো ইঞ্জিন চালিত যান ‘করিমন’ ও ‘নছিমনে’র মুখোমুখি সংঘর্ষে দুইজন জন নিহত এবং তিনজন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা-ঢাকা মহাসড়কের বেড়া সিঅ্যান্ডবি মোড় থেকে ৭/৮ জন যাত্রী নিয়ে একটি ‘করিমন’ সাথিঁয়ায় যাচ্ছিল। ‘করিমন’টি ছেচনিয়া ব্রিজের কাছে পৌঁছালে উল্টো দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত ‘নছিমনে’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ‘করিমনে’র যাত্রী স্বামী, স্ত্রীসহ পাঁচজন আহত হয়।

আহতদের হাসপাতালে নেওয়া হলে করিম চাঁদ (৫০) ও তার স্ত্রী আাঁখি খাতুন (৪০) মারা যায়। আহতদের মধ্যে কামরুল, আয়নাল ও মোজাহারের অবস্থা আশংকাজনক।

বিডিনিউজ রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী-ফরিদপুর সড়কের রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর নামকস্থানে মঙ্গলবার ভোরে ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে মো. ফরহাদুজ্জামান (২৪) নামে এক কলেজ ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, শ্রীপুর উপজেলার মসজিদে সারারাত শবে বরাতের নামাজ শেষে বাড়ি ফেরার ভোর ৫ টার দিকে পিছন দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিমঠল¬ায় সোমবার বিকেলে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং অপর ৩০ জন আহত হয়েছে। নিহতদের পরিচয় জানা যায় নি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১১-২০৮১) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-১১-২০১২) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে আরও তিন জন মারা যায়। আহত ২৮ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।