মুন্সীগঞ্জে বোমা বিস্ফোরণ, ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার একটি টিনশেড ঘরে সোমবার রাত ১১ টার দিকে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়ে দুই জন আহত হয়েছে।
বিস্ফোরণে ঘরের সিলিং, একপাশের টিনের বেড়াসহ ঘরের বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।
শব্দ শুনে প্রতিবেশীরা প্রথমে বজ্রপাত হিসেবে ধরে নিলেও পরে ধোয়া দেখে বুঝতে পারে যে বোমা বিস্ফোরিত হয়েছে।
ঘরটিতে তিনজন অবস্থান করছিলো। দু’জন আহত হলেও শেষ পর্যন্ত তারা তিনজনই পালিয়ে যায়। এদের সকলকেই জঙ্গি বলে সন্দে করা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল থেকে টাইম বোমার সার্কিট, ব্যাটারি, তার ও অবিস্ফোরিত ১৮ টি বোমা (সলতাযুক্ত), সিডি ক্যাসেট, মোবাইল, পাউডার জাতীয় বিস্ফোরক, জিহাদী বই, ম্যাগাজিন, লিফলেট, মুন্সীগঞ্জ-বিক্রমপুরের বিভিন্ন মসজিদ মাদ্রাসার ঠিকানা এবং কোরআন শরীফ উদ্ধার করে।
সূত্র জানায়, বেলাল (২০) ও আব্দুল্লাহ (৩০) নামের দুই ব্যক্তি গত ১ সেপ্টেম্বর ৮’শ টাকায় বাড়ির মালিক হায়াতুন্নেচ্ছার (৭০) কাছ থেকে ওই ঘরটি ভাড়া নেয়।
বিস্ফোরণের পর পুলিশ বাড়ির মালিক ও তার কন্যা রোকেয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
হায়াতুন্নেচ্ছা জানান, তার বাসা ভাড়া নেয়ার সময় নিজেদের আপন দুই ভাই, বাড়ি বাগেরহাট এবং মুন্সীগঞ্জে তারা মশারীর ব্যবসা করে বলে উল্লেখ করে। কিন্তু বাসায় আব্দুল্লাহর স্ত্রীর থাকার কথা থাকলেও বাসায় কোনও মহিলা থাকতো না। তাই তাদেরকে ১ অক্টোবর থেকে বাসা ছেড়ে দিতে বলা হয়। বাসা ভাড়া নেয়ার সময় তারা জানিয়েছিল এর আগে তারা মুক্তারপুরে ভাড়া থাকতো।
প্রতিবেশী আনোয়ারা বেগম ও মিনারা বেগম জানান, বিল্লাল সারা দিন ঘরেই থাকতো। আর আব্দুল্লাহ সব সময়ই পাজামা পাঞ্জাবি পড়তো এবং মাঝে মাঝে বাইরে যেতো।
অপর প্রতিবেশী শামীম জানান, বিস্ফোরণের পর দু’জন খালি গায়ে এবং একজন শার্ট পড়া অবস্থায় পালিয়ে যায়। এ সময় একজন খোড়াচ্ছিল এবং আরেকজন হাত দিয়ে মাথা চেপে ধরেছিল।
সদর থানার ওসি নাজমুল হোসেন জানান, উদ্ধারকৃত কাগজপত্র থেকে মুল্যবান তথ্য পাওয়া গেছে। বোমা বিশেষজ্ঞ ইন্সপেক্টর নূর বলেন, উদ্ধারকৃত বোমাগুলো বিকট শব্দ তৈরিতে সক্ষম।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত ১৮ টি বোমা পানিভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করা হয়।
তিনি আরও জানান, এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
