২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়দিনব্যাপী বিডিআর-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক ২৬ সেপ্টেম্বর

বিডিআর এবং বিএসএফের মহাপরিচালক পর্যায়ের ছয়দিনব্যাপী বৈঠক আগামী ২৬ সেপ্টেম্বর ভারতের নতুন দিল্লীতে শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2005, 01:08 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের এ বৈঠকে সীমান্তে বেড়া নির্মাণ, বিরোধপূর্ণ বিভিন্ন ইস্যু, নদী ভাঙ্গন রক্ষায় বালির বস্তা এবং কনক্রিট ব্লক ফেলা ইত্যাদি বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

ছয়দিনব্যাপী দ্বিপক্ষীয় এ বৈঠকে সীমান্তে বিএসএফ-এর নিরপরাধ মানুষদের হত্যা এবং বাংলাদেশের ভেতর ভারতের অবৈধ প্রবেশ ইত্যাদি বিষয়গুলো নিয়েও আলোচনা হবে বলে বিডিআরের একটি সূত্র জানিয়েছে।

সীমান্তের শুন্য গজ থেকে ১৫০ গজের মধ্যে ভারতের বেড়া নির্মাণের বিষয়টি ১৯৭৫ সালের সীমানা চুক্তির লংঘন। ওই চুক্তি অনুযায়ী দু’ দেশের সীমানার একটি নির্দিষ্ট এলাকার মধ্যে কোন বেড়া নির্মাণ করা যাবে না। বৈঠকে বাংলাদেশ ভারতের বেড়া নির্মাণের বিষয়টি নিয়েও কথা বলবে।

সম্প্রতি চাপাইনবাবগঞ্জ এবং আখাউড়া সীমান্তে সংঘর্ষের পর দু’দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।