২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শবে বরাত উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র শবে বরাত উপলক্ষে সোমবার রাতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে বলেন, শান্তিপূর্ণভাবে শবে বরাত পালনের জন্যে এবার সর্বাধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিভিন্ন মাজারে অভিযান চালানো হয়েছে এবং মাজার প্রাঙ্গণ থেকে অপরিচিতদের তাড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে স্বারষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সরকারি এক আদেশে পবিত্র শবে বরাত উপলক্ষে সকল ধরনের আতশবাজি ও বিস্ফোরক দ্রব্য বিক্রয়, বিতরণ, ফাটানো এবং বহনের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন। কোনও ধরনের বিস্ফোরক ও আতশবাজি না পোড়ানোর এবং নিরাপত্তা রক্ষায় নিয়োজিতদের সহায়তা করার ব্যাপারে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র জানায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)সহ সকলকে সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।

এছাড়া রাজধানী ও দেশের বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে বিডিআর মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, সকল মসজিদে সতর্ক নজর রাখা হবে। মোতায়েনকৃত অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা মেটাল ডিটেক্টর ও আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকবে।

গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, তারা কিছু ঝুঁকিপূর্ণ স্থানের ওপর কড়া নজর রাখবে এবং বিভিন্ন প্রবেশপথে নিবিড় পর্যবেক্ষণ চালনো হবে।