২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের হাতে আটক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী শাহেদকে ছেড়ে দেওয়া হয়েছে

র‌্যাবের হাতে শনিবার রাতে আটক চট্টগ্র্রামের শীর্ষ সন্ত্রাসী ও ছাত্রদল ক্যাডার মোহাম্মদ শাহেদকে ছেড়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 05:43 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনিস্টিউট ও তার আশপাশের এলাকার ত্রাস হিসেবে পরিচিত শাহেদকে গ্রেফতারের পর এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল।

বিভিন্ন সময় অভিযোগ উঠেছে, বিএনপির একজন মন্ত্রীর ছত্রছায়ায় সে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে।

র‌্যাব চট্টগ্রাম সূত্র জানিয়েছে, কোনও মামলা না থাকায় একজন ওয়ার্ড কমিশনার ও তার একজন আত্মীয়ের কাছ থেকে মুচলেকা নিয়ে শাহেদকে ছেড়ে দেওয়া হয়েছে।

র‌্যাব চট্টগ্রামের কমান্ডিং অফিসার লে. কর্নেল হাসিনুর রহমান শাহেদকে ছেড়ে দেওয়া প্রসঙ্গে বিডিনিউজকে বলেন, বায়েজীদ বোস্তামী থানাধীন এশিয়াটিক কটন মিলে চাঁদাবাজির অভিযোগে তাকে আটক করা হয়েছিল। কিন্তু এশিয়াটিক কটন মিল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ না করায় এবং চট্টগ্রামের কোনও থানায় তার বিরুদ্ধে মামলা খুঁজে না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার রাতে র‌্যাবের টহল দল এশিয়াটিক কটন মিলের গেট থেকে কয়েকজন সঙ্গীসহ শাহেদকে আটক করে। আটকের সময় সে নিজকে এশিয়াটিক কটন মিলের কর্মচারী বলে র‌্যাবের কাছে পরিচয় দেয়। কিন্তু মিল কর্তৃপক্ষ তা অস্বীকার করে।