২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ ভিজিএফ কর্মসূচি শুরু
লতি মাসের ২৫ তারিখ থেকে সারাদেশে বিশেষ ভিজিএফ কর্মসূচি শুরু হচ্ছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু রোববার সংসদে এ কথা জানান।
এই কর্মসূচির আওতায় প্রতি ইউনিয়নের এক হাজার দু:স্থ মানুষকে এই কার্ড দেওয়া হবে। প্রশ্ন পর্বে সংরক্ষিত আসনের রীণা পারভিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে পবিত্র রমজান মাসে দু:স্থ মানুষের সহায়তায় সরকার ভিজিএফ ও ওএমএস (ওপেন মার্কেট সেল)’র মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার মে. টন চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছিল।
বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু জানান, বিশেষ ভিজিএফ ও ওএমএস কর্মসূচি দুইমাস চলবে।
খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয় সূত্র জানায়, বিশেষ ভিজিএফ কর্মসূচির মাধ্যমে এক লাখ পাঁচ হাজার মে. টন এবং ওএমএস’র মাধ্যমে তিন লাখ মে. টন চাল বিতরণ করা হবে।
তবে চালের মূল্য এখনও নির্ধারণ করা হয় নি।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু গত সপ্তাহে বিডিনিউজকে জানিয়েছিলেন, এই কার্যক্রম ছাড়াও সরকার ১ অক্টোবর থেকে দরিদ্র ও দুস্থদের মাঝে সাড়ে চার টাকা কেজি দরে ৪৫ হাজার মেট্রিক টন চাল বিক্রয়ের কর্মসূচি ঘোষণা করবে।
চালের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার সামরিক বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন করার চিন্তাভাবনা করছে।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জাহিদ হোসেন বলেন, ওএমএস কর্মসূচির জন্য সারা দেশে প্রায় ১২ হাজার ডিলার নিয়োগ দেওয়া হবে।
চালের মুল্য স্থিতিশীল রাখতে এর আগে সরকার ১৭ ফেব্রুয়ারি ওএমএস কর্মসূচি চালু করেছিল। কিন্তু তা ক্রেতাদের খুব বেশি উপকারে আসেনি।
ওই কর্মসূচির আওতায় সাড়ে ১৪ টাকা কেজি দরে চাল বিক্রয়ের জন্য প্রায় ১২ হাজার ৪০০ ডিলার নিয়োগ করা হয়েছিল। তবে প্রতি গ্রাহক দিনে পাঁচ কেজির বেশি চাল ক্রয় করতে পারতো না।
