প্রকৌশলী ও ঠিকাদারদের দুর্নীতি: এলজিইডি নির্মিত রাস্তা, কালভার্ট ও ফুট ব্রিজের বেহাল দশা
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) প্রকৌশলীদের দুর্নীতি অনিয়মের কারণে বিভিন্ন জেলায় নির্মিত রাস্তা, পুল, ফুট ব্রিজ ও কালভার্ট বছর ঘুরতে না ঘুরতেই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বিভিন্ন জেলা থেকে বিডিনিউজের প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, গত বছর যে সকল ব্রিজ, কালভার্ট ও রাস্তা নির্মাণ করা হয়, সেগুলো কয়েক মাসের ব্যবধানেই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এলজিইডি জেলা থেকে উপজেলা এবং ইউনিয়ন সংযোগ রাস্তা, পুল, কালভার্ট, ফুটব্রিজের কাজ করে থাকে। এলজিইডি প্রতিবছর সরকারি ও বিভিন্ন বিদেশি দাতা সংস্থার প্রায় কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করে থাকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অর্থ বছরে এলজিইডির সরকারি বরাদ্দ ছিল প্রায় আড়াই হাজার কোটি টাকা।
এলজিইডির পুরনো রাস্তা বা ব্রিজ সংস্কারের জন্য প্রতিবছর নতুন করে তৈরির জন্য বরাদ্দ চাওয়া হয়। কিন্তু ওই টাকায় কাজ না করে প্রকৌশলী এবং ঠিকাদাররা মিলে তা হরিলুট করে বলে অভিযোগ রয়েছে।
একই রাস্তায় প্রতিবছর বরাদ্দ থাকলেও লোক দেখানো কাজ করার ফলে মানসম্মত কাজ হয় না। কাজের মান একেবারেই খারাপ হওয়ার কারণে বছর যেতে না যেতেই তা অবারও সংস্কারের প্রয়োজন পড়ে। রাস্তাগুলোতে সৃষ্টি হয় বড় বড় গর্ত, ব্রিজ কালভার্টগুলোর বিভিন্ন অংশে দেখা দেয় ফাটল।
ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় প্রায় দু’শ ব্রিজ, কালভার্ট ও কাচা-পাঁকা প্রায় কয়েক কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকার অধিকাংশ রাস্তা অপরিকল্পিতভাবে নির্মাণ করায় সেগুলোর এখন বেহাল দশা।
খুলনা বিভাগের অধিকাংশ জেলায় ব্রিজ, কালভার্ট ও কাঁচা রাস্তারও একই দশা। ব্রিজের গোড়ায় মাটি কম থাকায়, লোহার ব্রিজ নড়বড়ে হয়ে পড়ায় চলাচলে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।
বরিশাল বিভাগের অধিকাংশ রাস্তার দু’পাশে মাটি নেই। যে সকল রাস্তা দিয়ে হালকা যানবাহন চলাচলের কথা, সে সব রাস্তা দিয়ে মানুষ চলাচলই দায় হয়ে পড়েছে।
রাজশাহী অঞ্চলের পাকা রাস্তাগুলোর ঢালাই করা পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অধিকাংশ ব্রিজের গোড়ায় মাটি নেই। ফলে ওই সকল রাস্তা ও ব্রিজ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
সিলেট বিভাগের পৌর এলাকার বাইরের পাকা রাস্তাগুলোতে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার উভয় পাশের মাটি সরে যাওয়ায় রাস্তা ভাঙতে শুরু করেছে।
এ ব্যপারে এলজিইডির প্রধান প্রকৌশলী শহিদুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, এলজিইডির ওই সব রাস্তা এবং ব্রিজ দিয়ে হালকা যানবাহন চলাচলের নিয়ম থাকলেও অতিরিক্ত লোড নিয়ে ভারী যান চলাচলের কারণেই এগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
