২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনজিএ: এলডিসিভুক্ত দেশগুলোর পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের পক্ষে খালেদা জিয়ার প্রস্তাব

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারা বিশ্বে ব্যাপকহারে দারিদ্র্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এলডিসিভুক্ত দেশগুলোর পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের পক্ষে দৃঢ়ভাবে প্রস্তাবনা পেশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 10:40 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

তিনি বলেন, সবচেয়ে দুর্দশা পীড়িত হলো এলডিসিভুক্ত দেশ। শিগগিরই বিশ্বব্যাপী তাদের পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়া উচিত।

প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত মনটেরি ঘোষণার আলোকে জরুরী ভিত্তিতে উন্নত দেশের জিডিপি’র ০ দশমিক ১৫ শতাংশ থেকে ০ দশমিক ২০ শতাংশ এলডিসিভুক্ত দেশগুলোকে ওডিএ হিসেবে দেওয়ার আহ্বান জানান।

ইউএনজিএ’র ৬০ তম সাধারণ অধিবেশনে বক্তৃতাকালে তিনি বলেন, উন্নয়নের জন্য অর্থায়ন একটি জটিল ইস্যু। এ ব্যপারে আন্তরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

জাতিসংঘ সংষ্কারের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই জাতিসংঘের কার্যকারিতা ও দক্ষতার দিকে নজর দেওয়া উচিত, যাতে এটি দ্রুততার সাথে কাজ করতে পারে। জাতিসংঘের গুরুত্বপূর্ণ সংস্থাসমূহের সম্প্রাসারণ দরকার। তবে তা হতে হবে জাতিসংঘের দক্ষতা অনুযায়ী’।

বিশ্বব্যাপী যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, তার ওপর আলোকপাত করে বেগম খালেদা জিয়া বলেন, সন্ত্রাসীদের আতঙ্ক সৃষ্টিকারী কার্যক্রমের কারণে সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট হয়।

তিনি বলেন, জাতিসংঘ এবং সংশ্লিষ্ট আঞ্চলিক সংগঠনগুলোর সন্ত্রাস বিরোধী সব ক’টি কনভেনশনে আমরা অংশ নিয়েছি। আমরা জাতিসংঘের সাম্প্রতিক সমন্বিত কনভেনশনের প্রতি সমর্থন জ্ঞাপন করছি। তিনি বলেন, আমরা এ বিষয়টির ওপর জোর দিতে চাই যে, সন্ত্রাসীদের কোনও দেশ নেই, কোনও ধর্ম নেই।

ব্যক্তির মর্যাদা ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কনভেনশনে অংশ নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমরা সুশাসন প্রতিষ্ঠায় দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছি।

বেগম জিয়া জানান, শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সহ সব দেশেরই জাতিসংঘের সাথে কার্যকর সহযোগিতা চালানো উচিত। এবং এজন্য কীভাবে কাজ করা যায়, সে ব্যাপারে আলোচনা চালানো উচিত।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষায় আমাদের অবদানের জন্য আমরা গর্বিত। বর্তমানে ২৪ টি মিশনে আমাদের শান্তিরক্ষায় নিয়োজিত সেনাদের সংখ্যা ৩৯ হাজারেরও বেশি। আমরা বর্তমানে শান্তি রক্ষা মিশনে বিশ্বের শীর্ষস্থানীয় অংশ গ্রহণকারী।

তিনি বলেন, শান্তি রক্ষায় আমাদের ৬৭ জন সেনা নিহত হয়েছে। শান্তি রক্ষায় আমাদের আঙ্গীকার অব্যাহত থাকবে। আমরা জাতিসংঘের শান্তি কমিশন প্রতিষ্ঠায় সর্বাত্মক সমর্থন দেব।

বেগম জিয়া বিশ্বকে দারিদ্র্য ও অবিচার থেকে মুক্তিদান, সর্বত্র আইনের শাসন প্রতিষ্ঠা, উন্নয়নের ধারা বৃদ্ধি, সন্ত্রাস নির্মূলসহ সকল শান্তি ও নিরাপত্তামূলক কার্যত্রম বিষয়ক নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, আমরা যদি দায়িত্ব নিয়ে এবং একত্রে কাজ করতে পারি, তাহলেই কেবল এটা বাস্তবায়ন করা সম্ভব। আজীবন জাতিসংঘ এবং এর নিরপেক্ষতার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।