২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের উত্তরাঞ্চলে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘটের প্রথমদিন অতিবাহিত

দেশের উত্তরাঞ্চলের ১৬ জেলায় পরিবহন শ্রমিকদের একাংশ অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘটের শুরু করেছে। বিরোধী গ্রুপের পক্ষ থেকে পরিবহন শ্রমিক নেতা মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করায় শনিবার থেকে তারা এ ধর্মঘটের ডাক দেয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 10:19 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

ধর্মঘটের কারণে শনিবার প্রথমদিনের মতো উত্তরাঞ্চলীয় ১৬ জেলার ১০৪ টি রুটে পরিবহন চলাচল বন্ধ ছিল। শুক্রবার রাতে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী রেঞ্জের পুলিশ উপ মহাপরিদর্শকের সাথে পরিবহন শ্রমিকদের দু’পক্ষ এক বৈঠকে মিলিত হয়। বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। কিন্তু এক পক্ষ বৈঠকের পর মুজিবুর রহমানের বিরুদ্ধে আরও চারটি মামলা দায়ের করায় মুজিবুর রহমানের সমর্থকরা আবার অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘট আহ্বান করে।

এছাড়া তারা মজিবর রহমানের ভাই মোজামের মুক্তির দাবি জানিয়েছে।

স্থানীয়ভাবে সমস্যার সমাধানে ব্যর্থ হয়ে পরিবহন নেতারা ফেডারেশনের কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনার উদ্দেশে বর্তমানে ঢাকায় রওনা হয়েছেন বলে সূত্র জানায়।

এদিকে বিডিনিউজ রংপুর প্রতিনিধি জানান, উত্তরাঞ্চলে পরিবহন ধর্মঘটে গতকাল শনিবার রংপুরে বেশ কিছু অপ্রতিকর ঘটনা ঘটেছে। সকালে ধর্মঘটের অজুহাতে পণ্যবাহী ট্রাক চলাচলে বাঁধা সৃষ্টি করে ব্যাপক চাঁদাবাজি চালানো হয়। এ সময় তারা বিআরটিসি বাস চলাচলেও বাঁধা সৃষ্টি করে। দিনব্যাপী জেলার বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের ওপর ভাংচুর চালানো হয়েছে। তবে ধর্মঘট উপেক্ষা করে জেলার বিভিন্ন রুটে বাস, মিনিবাস, ট্রাক, কার, মাইক্রেবাস, বেবিট্যক্সি চলাচল করেছে।

বিডিনিউজের নীলফামারী প্রতিনিধি জানান, উত্তরাঞ্চলের অন্যান্য জেলার মতো নীলফামারীতেও শনিবার অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘটের প্রথম দিন অতিবাহিত হয়েছে কোনও প্রকার অঘটন ছাড়াই। সাপ্তাহিক ছুটির কারণে ধর্মঘটে চাকরিজীবীদের তেমন সমস্যা না হলেও অন্যান্য যাত্রীদের মারাত্মক ভোগান্তি পোহাতে হয়েছে। জরুরি প্রয়োজনে লোকজনকে চলাচল করতে হয়েছে ভাড়ায় চালিত কার বা মাইক্রোবাসে। অবশ্য এজন্য তাদের বাড়তি ভাড়া গুণতে হয়েছে।