চট্টগ্রামে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ৩
পাঁচলাইশ থানা পুলিশ শনিবার বন্দর নগরী চট্টগ্রামের ষোলশহর চৌধুরী প্লাজা থেকে লুট হওয়া ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ ৯১ হাজার টাকা উদ্ধার এবং তিন ডাকাতকে গ্রেফতার করেছে।
ডাকাতির ৪৮ ঘন্টা পর শনিবার বিকেলে ষোলশহরের মুন্সীপুকুরপাড় থেকে এসব স্বর্ণালংকার উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতার করা হয়।
ডাকাতির পরপরই পাঁচলাইশ থানা পুলিশ শহরে ব্যাপক অভিযান শুরু করে এবং ষোলশহর দুই নম্বর গেটের রহমানিয়া ডেকোরেটর থেকে সুমন ভট্টাচার্যকে এবং বায়েজীদ এলাকার টেক্সটাইল গেট থেকে মোহাম্মদ রফিককে গ্রেফতার করে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ষোলশহর থেকে অপর ডাকাত নন্দন বৈদ্যকে গ্রেফতার করে এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালায়।
নন্দন বৈদ্য ডাকাতির কথা স্বীকার করার পর পুলিশ তাকে নিয়ে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৫০ ভরি স্বর্ণালংকার ও নগ দুই লাখ ৯১ হাজার টাকা উদ্ধার করে।
তবে অপর ডাকাতকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।
পাঁচলাইশ থানার ওসি জানান, গ্রেফতারকৃতরা হাজারী লেনের একটি স্বর্ণালংকারের দোকান থেকে মোট ১০০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা লুট করে।
ওসি জানান, তারা যে টাকায় বাকি ৫০ ভরি স্বর্ণালংকার বিক্রি করেছে তার কিছু অংশ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত তিন জন এবং অপর এক ডাকাত গোয়েন্দা বেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর ষোলশহর চৌধুরী প্লাজার ব্যবসায়ী সিরাজুদ্দিন চৌধুরীর বাসায় প্রবেশ করে।
বন্দুকের মুখে বাসার সবাইকে জিম্মি করে ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
