ভারতীয় মুরগি আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার জন্যে সরকারের প্রতি আহ্বান
বার্ড ফ্লু প্রতিহত সংক্রান্ত নাগরিক কমিটি ভারতীয় মুরগি আমদানির ওপর থেকে বতর্মান নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
কমিটি নেতৃবৃন্দ বলেন, এতে দেশের স্থানীয় পোল্ট্রি শিল্পে বার্ড ফ্লু ছড়িযে পড়তে পারে। যা একই সাথে পোল্ট্রি শিল্প ও মানব স্বাস্থ্যের জন্য হুমকি।
শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান ও কমিটির সদস্য কাজী কামরুজ্জামান বলেন, ভারতীয় পোল্ট্রি শিল্পে ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’ নামক একটি ভাইরাস ধরা পড়েছে। সুতরাং মুরগি আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে তা আমাদের স্থানীয় পোল্ট্রি শিল্পের জন্য হুমকি হিসেবে দেখা দেবে।
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধমে প্রকাশিত ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’ সনাক্তকরণ সংক্রান্ত প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, উষ্ণতা ও আদ্রতার স্থিরতার কারণে আমাদের দেশের আবহাওয়ায় এই জীবাণু খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
এছাড়াও এই জীবাণু সংক্রামক এবং তা মহামারি আকারে মানব দেহেও সংক্রমিত হতে পারে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যারয়ের অ্যধাপক ড. আহমেদ কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যধাপক আনু মোহাম্মদ, নাগরিক কমিটির ইঞ্জিনিয়ার এনামুল হক এবং আবুল হাসান রুবেল উপস্থিত ছিলেন।
ড. আহমেদ কামাল বলেন, ভারত বার্ড ফ্লু মুক্ত, এ ব্যাপারে নিশ্চিত না হয়ে আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত হবে না।
