২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমই ব্যাংকিং রোড শো নতুন উদ্যোক্তাদের হতাশ করেছে

নগরীতে শুরু হওয়া তিনদিনব্যাপী এসএমই রোড শো নতুন উদ্যোক্তা ও ঋণ নিতে আগ্রহীদের জন্য খুব বেশি সহায়ক নয়। মেলায় আগত দর্শনার্থীরা শনিবার এমন মতামত ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 06:42 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

মেলায় আগত সাউথ এশিয়ান ট্যুরিজমের প্রধান নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বিডিনিউজকে বলেন, আমি পর্যটন শিল্পে ব্যবসা করতে চাচ্ছি। এ ক্ষেত্রে ঋণ পাওয়া যাবে কিনা তা জানতে মেলায় এসেছিলাম। কিন্তু মেলায় অংশ গ্রহণ করা কোনও ব্যাংক এক্ষেত্রে ঋণ দিচ্ছে না।

সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ) হোটেল শেরাটনে ‘এসএমই ব্যাংকিং রোডশো-২০০৫’ নামের এ প্রদর্শনীর আয়োজন করেছে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে কিভাবে ছোট ও মাঝারি উদ্যেক্তারা ঋণ গ্রহণ করতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করতে এই মেলার আয়োজন করা হয়েছে।

মেলার কর্মসূচির মধ্যে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে।

ফয়সাল আরও বলেন, নতৃন উদ্যোক্তাদের উৎসাহী করতে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পর্যটন শিল্পে ব্যবসার জন্য ঋণ সরবরাহ করা উচিত।

তিনি আরও বলেন, তাদের (ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান) নতুন উদ্যোক্তাদের জন্য কিছু বিধান থাকা উচিত। বর্তমানে ব্যংকগুলো যাদের বর্তমান ব্যবসা ও ব্যবসায় কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে ঋণ সরবরাহ করছে। কিন্তু ব্যংক ঋণ না দিলে নতুন উদ্যোক্তা কোথায় যাবে?

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকল্প প্রস্তাব ও সম্ভাবনার ওপর ভিত্তি করে ব্যাংকগুলো নিরাপত্তা হিসেবে নতুন উদ্যোক্তাদের পরীক্ষার সনদ জমা রেখে তাদেরকে ঋণ সরবরাহ করতে পারে। এছাড়াও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের রেফারেন্সও এক্ষত্রে বিবেচনা করা যেতে পারে।

সিণ্ডিকেট কম্পিউটার এণ্ড টেকনিক্যাল ইন্সটিটিউশনের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ শামিম বলেন, ব্যাংকগুলোর উচ্চ মাত্রার সুদের হার নতুন উদ্যোক্তাদের হতাশ করছে।

আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, ইণ্ড্রাস্টিয়াল ডেভলপমেন্ট লিজিং কোম্পানি (আইডিএলসি) বাংলাদেশ লিমিটেড, এবং ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেড মেলায় অংশ নিয়েছে।

এ সমস্ত ব্যাংক উৎপাদন, বাণিজ্য ও সেবা খাতে এক থেকে ১০ লাখ টাকা ঋণ সুবিধা দিচ্ছে। এছাড়াও বেশ কয়েকটি ব্যাংক কৃষিভিত্তিক শিল্পেও ঋণ সহায়তা দিচ্ছে।

প্রায় আড়াই হাজার দর্শনার্থী মেলা পরিদর্শন করেছে এবং চারশরও বেশি প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে।