ঢাবি’র জিয়া হলে অজগর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল এলাকায় শুক্রবার সন্ধ্যায় হলের ছাত্ররা একটি অজগর সাপ ধরেছে।
সাপটি বর্তমানে হলের প্রাধ্যক্ষের তত্ত্ববধানে আছে। হলের প্রাধ্যক্ষ জানিয়েছেন, সাপটি পুলিশের মাধ্যমে চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।
ক্যাম্পাস সূত্র জানিয়েছে, জিয়া হলের ডান পাশের ঝোঁপে সাপটি প্রথম লক্ষ্য করে সংস্কৃত বিভাগের ছাত্র খোকন। এরপর সে বন্ধুদের জানালে ছাত্ররা ক্যান্টিন থেকে বাঁশ ও চটের বস্তা নিয়ে আসে এবং বাঁশ দিয়ে সাপটির মাথা চেপে ধরে বস্তাবন্দি করে। রাত আটটার দিকে সাপটি প্রাধ্যক্ষের কার্যালয়ে এনে রাখা হয়।
প্রাধক্ষ্য এরপর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের খবর দেন এবং সাপটিকে সংরক্ষণ করার আহ্বান জানান। প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষকরা ঘটনাস্থলে এসে জানান, তাদের পক্ষে সংরক্ষণ করা সম্ভব নয়। তারা আরও জানান, অজগরের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিচরণ করা সম্ভব নয়। পাশের কাটাবন পশুপাখির মার্কেট থেকে হয়তো এসেছে। এরপর প্রাধ্যক্ষ চিড়িয়াখানায় হস্তান্তেরর সিদ্ধান্ত নেন।
হলের প্রধ্যক্ষ ড. বোরহানউদ্দিন খান বিডিনিউজকে জানান, পুলিশকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। তারা এসে সাপটি নিয়ে যাবে। প্রাধ্যক্ষ আরও জানান, অজগরটি ছোট আকৃতির। সোনালী রংয়ের সাপটির লম্বায় ৬/৭ ফুট হবে।
