চট্টগ্রামে তীব্র সার সংকট, ব্যর্থ হতে যাচ্ছে আমন চাষের লক্ষ্যমাত্রা
বন্দর নগরী চট্টগ্রামের সার সংকট মারাত্মক আকার ধারণ করেছে। আর এই সংকটের কারণে আমন চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ব্যর্থ হতে চলেছে।
ভরা মৌসুমে সারের অভাবে কৃষকরা দিশাহারা হয়ে পড়ছে।
চট্টগ্রামের প্রায় প্রতিটি জেলাতে সারের অপ্রতুলতার কারণে ক্ষোভ বিক্ষোভ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
সারের অভাবের কথা বিবেচনা করে শিল্প মন্ত্রণালয় চট্টগ্রাম জেলার জন্য বিশেষ বিবেচনায় ৮০টন অতিরিক্ত সার বরাদ্দ দিয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় এই বরাদ্দ কিছুই নয়। সেপ্টেম্বরেই চট্টগ্রামের কৃষকদের সারের চাহিদা প্রায় ১২,০০০টন।
চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই) জেলার দক্ষিণাঞ্চলের তিন থানা সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালির জন্য যথাক্রমে ২০ টন, ২০ টন এবং ৪০ টন অতিরিক্ত সার বরাদ্দ দিয়েছে।
ব্লক সুপারভাইজারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কৃষকদের কাছে রেশন পদ্ধতির আওতায় সার বিক্রি করতে ডিএই কর্মকর্তারা ঠিকাদারদের প্রতি আহ্বান জানিয়েছে। সার বিক্রিতে কোন অনিয়ম সহ্য করা হবে না বলেও কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন।
বিশেষজ্ঞরা স্বীকার করেছেন, ভরা মৌসুমে সময়মত কৃষকের হাতে সার না পৌঁছায়, ধান উৎপাদনে মারাত্মক প্রভাব পড়বে।
ডিএই সার সংকটের জন্য চট্টগ্রামের ইউরিয়া সার কারখানা বন্ধ থাকাকেই দায়ী করেছেন। তবে কৃষকদের অভিযোগ, ডিলারদের কালোবাজারে সার বিক্রি এবং পাশ্ববর্তী দেশগুলোতে সার পাচার হয়ে যাওয়ায় তীব্র সার সংকটের সৃষ্টি হয়েছে।
জেলার এক লাখ ৯০ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সার সংকটের কারণে লক্ষ্যমাত্রা পূরণ বাধাগ্রস্ত হচ্ছে।
ডিএই-এর একজন শীর্ষ কর্মকর্তা বিডিনিউজকে জানান, অনিয়মের অভিযোগে চট্টগ্রাম জেলার ১৪৮ জন ডিলারের মধ্যে থেকে ১০ জন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে। অনিয়মের ঘটনা তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে কোন কোন এলাকায় পঞ্চাশ কেজি ওজনের একটি সারের বস্তা ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ সরকার নির্ধারিত মূল্য ২৪০ টাকা।
এ অঞ্চলের কৃষকদের কাছে সার এখন এক বিরল বস্তু হয়ে দেখা দিয়েছে। অধিকাংশ ডিলারের বিক্রয় কেন্দ্র বন্ধ থাকায় কৃষকেরা এখন হন্যে হয়ে যে কোনও মূল্যে সার পেতে উদগ্রীব।
ডিএই কর্মকর্তারা বলেছেন, বাঁশখালি, লোহাগাড়া, সাতকানিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি থানায় বেশি সার সংকট দেখা দিয়েছে। কক্সবাজার জেলার মহেশখালি, চকোরিয়া এবং ফেনী ও লক্ষ্মীপুর জেলাতেও সার সংকট তীব্র আকার ধারণ করতে যাচ্ছে।
তবে কর্মকর্তারা বলেছেন, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন শুরু করা সম্ভব হলে, এ অঞ্চলের সার সংকট হ্রাস পাবে।
এদিকে পাচার-বিরোধী টাস্কফোর্সের বিভাগীয় একটি সূত্র বলেছে, চট্টগ্রাম জেলার আনোয়ারা ও পটিয়া, কক্সবাজার জেলার টেকনাফ এবং মায়ানমারের মাংডোউ ও আকিয়াব এলাকার ৯০ চোরাচালানীদের নয়টি সিন্ডিকেট সার পাচারের সাথে সরাসরি জড়িত।
তারা ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করে উপকূলীয় অঞ্চল দিয়ে নদী পথে কার্গো দিয়ে মায়ানমারে পাচার করে। বিনিময়ে সেখান থেকে মাদক, লবন, কারেন্ট জাল, মসলা ও ইলেক্ট্রনিক পণ্য নিয়ে আসে বলে সূত্র জানিয়েছে।
নিরাপত্তা কর্মীরা গত মাসে ১২টি সার বোঝাই কার্গো আটক করে। যার আনুমানিক মূল্য ছয় কোটি টাকা। এ সময় তারা ২১ ব্যক্তিকে গ্রেফতার করে। কিন্তু পাচারের সাথে জড়িত মূল হোতারা ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।
