২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচেতনতা সৃষ্টি এবং যথাযথ পদক্ষেপ নিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতার পাশাপাশি নিজস্ব উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও সচেতন হয়ে উঠতে মঙ্গলবার সাধারণ জনগণের প্রতি আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 09:27 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

সারাদেশে মাজারে মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও পবিত্র শবে বরাতের রাতে বাজি ফুটানো এবং বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ নির্দেশ দেন প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান, সকল ডিসি, এডিসি, এসি এবং বিভিন্ন থানায় কর্মরত ওসিরা সভায় উপস্থিত ছিলেন।

গত ১৭ আগস্ট সারাদেশে ধারাবাহিক বোমাবাজির সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ এবং চার্জশীট প্রদান করতে লুৎফুজ্জামান বাবর সভা থেকে পুলিশকে নির্দেশ দেন।

সভা সূত্র জানায়, দেশের বিভিন্ন মাজারে অভিযান পরিচালনা এবং মাজারের ওপর কড়া নজর রাখতে পুলিশকে নির্দেশ দেন। দেশের সকল ডিসি ও এসপির কাছে এ বিষয়ে দ্রুত নির্দেশ পাঠানো হবে।

সভা সূত্র আরও জানায়, ১৭ আগস্টের ধারাবাহিক বোমা বিস্ফোরণের বিষয়ে ক্লু পাওয়ার জন্যে প্রতিমন্ত্রী পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) ধন্যবাদ জানান এবং এ বিষয়ে ব্যর্থতার জন্যে তিনি ডিএমপির সমালোচনা করেন।

জনগণ বিশেষত ব্যবসায়িদের প্রতি মেটাল ডিটেকটর, সার্চিং মিররসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এ ধরণের যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্কহার কমানোর জন্যে তিনি অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে চিঠি লিখবেন।