ক্যাটরিনার পর বাংলাদেশের সাহায্য প্রয়োজন কিনা তা যাচাই করে দেখছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে ক্যাটরিনা ভয়াবহ আঘাত হানার পর সেদেশে বাংলাদেশের সাহায্য পাঠানোর প্রস্তাবের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিসা রাইস পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের কাছে ধন্যবাদ বার্তা পাঠিয়েছেন।
এক চিঠিতে রাইস লিখেছেন, এমন মর্মান্তিক দুর্যোগের পর বিশ্বের বিভিন্ন স্থান থেকে এ সাড়া পাওয়া নিঃসন্দেহে আনন্দের। আপনার দেশ থেকে সহযোগিতা তহবিল পাঠানোর প্রস্তাব আমরা আনন্দের সাথে গ্রহণ করছি এবং যাচাই করে দেখছি এ সহযোগিতা আমাদের গ্রহণ করার প্রয়োজন রয়েছে কি না।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে এক মিলিয়ন মার্কিন ডলার অর্থ এবং সামরিক, চিকিৎসা ও প্রকৌশলী দল পাঠানোর প্রস্তাবের গভীর প্রশংসা করেন।
তিনি আরও বলেন, আমরা জানি বাংলাদেশ ত্রানকার্যে সবসময়ই সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও করবে। আমি আপনার সহযোগিতা ও উদ্বেগের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।
