৪ বাংলাদেশী হত্যা সংক্রান্ত খবরের প্রতিবাদে ভারতীয় হাই কমিশন
ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন চার বাংলাদেশী হত্যা সংক্রান্ত সংবাদপত্রে প্রকাশিত খবর ্এবং এনজিও ‘অধিকার’ এর প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।
এগুলোকে ‘কল্পনাপ্রসূত’ ও ‘উদ্দেশ্য প্রনোদিত’ বলে অভিহিত করা হয়েছে।
আগরতলায় নয় সেপ্টেম্বর চার বাংলাদেশী হত্যা বিষয়ে বৃহস্পতিবার ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সীমান্তের ভেতরে তিন বাংলাদেশী এবং তাদের ভারতীয় এক সহচরের ডাকাতির চেষ্টার এক পর্যায়ে ওই ঘটনা ঘটে।
হাই কমিশন আরও জানায়, ১০ সেপ্টেম্বর বিএসএফ ও বিডিআরের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ বাংলাদেশী নাগরিক অপহরণ ও হত্যার অভিযোগ বিষয়ে তাদের ব্যাখ্যা প্রদান করে।
পরবর্তীতে ১২ সেপ্টেম্বর বিএসএফ ও বিডিআরের মধ্যে ফলো আপ সভা অনুষ্ঠিত হয়। এতে ভারতের পুলিশের কাছ থেকে মমতাজ হক ভূঁইয়া ও আবদুল রাজ্জাক ভূঁইয়ার লাশ ভারত ও বাংলাদেশের চিকিৎসকদের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশ গ্রহণ করে।
হাই কমিশন জানায়, উত্তেজিত জনতার পিটুনিতে তিন বাংলাদেশী এবং এক ভারতীয় নিহত হয়।
