২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচী ম্যাসাকার মামলায় আরও ৬ জনের সাক্ষ্য গ্রহণ, গুরুত্বপূর্ণ কোনও তথ্য মেলেনি

দেশের লোমহর্ষক বোমা হামলার প্রথম ঘটনা ‘উদীচী ম্যাসাকার’ মামলার ছয় সাক্ষী বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 05:31 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

এনিয়ে তিন দফায় মোট ১৮ জন আদালতে তাদের সাক্ষ্য প্রদান করলেন। তবে অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণ হয় এমন কোন সাক্ষ্য তারা আদালতে উপস্থাপন করতে পারেননি।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার যশোর স্পেশাল জজ (জেলা জজ) আদালতে উদীচী ম্যাসাকার মামলায় তৃতীয় দিনের মত সাক্ষ্য গ্রহণ করা হয়। এদিন আদালতে মো. রুবেল, মো. নূর ইসলাম, সাইফুল ইসলাম, আ. গাফফার, মনোয়ার আলম এবং কামরুল হাসান এই ছয়জন তাদের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষীরা আদালতে জানান, সাদা পোশাকধারী লোক জন তাদের জোরপূর্বক ঢাকায় নিয়ে যায়। আর সাক্ষ্য না দিলে তাদেরকে আসামি করার হুমকি দেয় হয়। ফলে অভিযুক্তারাই যে বোমা হামলার সাথে সম্পৃক্ত সে ব্যাপারে তারা নিশ্চিত নন।

এর আগে ২৭ জুলাই ও ১১ আগস্ট স্পেশাল জজ মো. আবুল হোসেন বেপারি’র আদালতে ১২ জন সাক্ষ্য প্রদান করেন। তার ও একই ধরনের সাক্ষ্য প্রদান করেন।

১৯৯৯ সালের ৬ মার্চ মধ্যরাতে যশোর টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিনে দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এটি ছিল দেশে ভয়াবহ বোমা হামলার প্রথম ঘটনা। এ বিস্ফোরণে ১০জন নিহত এবং দু’শতাধিক আহত হয়।

তদন্ত শেষে সিআইডি ২৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। অভিযুক্তদের মধ্যে অন্যতম বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলামকে হাইকোর্ট মামলা থেকে খারিজ করে দেন। অভিযুক্তদেরে মধ্যে দু’জন পলাতক রয়েছে। উদীচী ম্যসাকার মামলায় ৬৭ জনকে সাক্ষী করা হয়েছে। এদের মধ্যে আদালত ৪৫ জনকে তলব করেছে।