বিনা বিচারে কারাগারে আটকদের আইনি সহায়তা দিচ্ছে প্রশিকা
দেশের বিভিন্ন কারাগারে বিনা বিচারে কমপক্ষে চারশ’ ৫০ জন লোক অনেক দিন ধরে আটক রয়েছে। বিনা বিচারে আটকে থাকা এই লোকদের আইনি সহায়তাসহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দিতে প্রশিকা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
প্রশিকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়, এসব দুর্ভাগা লোকদের মধ্যে নারী, পুরুষ এবং কিছু শিশুও রয়েছে। তাদের বিচারের বিষয়টি আদালতে উত্থাপন করার মতো সুযোগ ও সমর্থন তাদের পিছনে নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিকার আইনি সহায়তা সার্ভিসের (প্লাস) কর্মসূচির আওতায় প্রশিকা আইনি সহায়তার মাধ্যমে ইতোমধ্যে বিশ জনের বিচারের বিষয়টি আদালতে উত্থাপন ব্যবস্থা করেছে। বাংলাদেশের বিভিন্ন আদালত থেকে মুক্তি পেয়ে তারা বাড়ি ফিরে গেছে। ২০০৬ সালের জুনের মধ্যে কারাগারে আটকে থাকা চারশ’ ৫০ জনের মধ্যে কমপক্ষে ২৫০ জনকে প্রয়োজনীয় আইনি ও অন্যান্য সহায়তা দেওয়ার ব্যাপারে প্রশিকার পরিকল্পনা রয়েছে। এছাড়া এ কর্মসূচির আওতায় মুক্তিপ্রাপ্তদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে।
কর্মসূচির পরিকল্পনা বাস্তবায়ন ও লক্ষ্যমাত্রা অর্জন করতে প্রশিকা দেশের ১৯টি জেলার ৫৪টি উপজেলায় প্লাস কমিটি গঠন করেছে। এ কমিটির মাধ্যমে প্রশিকা অযৌক্তিক তালাক, বহুবিবাহ, শিশুবিবাহ, এসিড হামলা, যৌতুক ও ফতোয়ার মতো সামাজিক বিষয়গুলোর ক্ষেত্রে সংশ্লিষ্টদের আইনি সহায়তা দেবে। এছাড়া সাংবাদিক, সামাজিক ও উন্নয়ন কর্মী, সাংস্কৃতিক কর্মীদের মতো পেশাজীবীদের মধ্যে যারা কুচক্রীমহলের আক্রোশের শিকার হবেন, প্লাস তাদের জন্যও কাজ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
