নোয়াখালীর বেগমগঞ্জে হরকাতুল জিহাদ কর্মী গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশ হরকাতুল জিহাদ কর্মী ফয়েজ উল্যা (২০)কে গ্রেফতার করেছে।
আলাইয়াপুর ইউনিয়নের মিয়া বাড়ি থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সে খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের আনছার আলী গাজীর পুত্র। ফয়েজ উল্যা মিয়া বাড়ি মসজিদের ইমাম এবং বেগমগঞ্জের কালিকাপুর এমদাদুল উলুম কওমী মাদ্রাসার ছুয়াম শ্রেণীর ছাত্র।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী জানান, ফয়েজ উল্যা হরকাতুল জিহাদের কর্মী এবং বোমা হামলাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে-এ সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। রাত সাড়ে ১০টায় তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে হরকাতুল জিহাদের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করলেও ১৭ আগস্টের বোমা হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে। তার কাছে এখনও জঙ্গি সংশ্লিষ্টতার কোনও আলামত পাওয়া যায়নি। বুধবার তাকে কোর্টে পাঠানো হয়েছে।
