সাবমেরিন কেবল প্রকল্পে টিঅ্যান্ডটির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের চার কোটি টাকা লোপাটের জন্যে দুর্নীতি সংক্রান্ত বিভাগীয় মামলা তদন্তে কমিটি গঠন
প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলায় উল্লেখিত অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
একই সাথে তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কার্য শুরু করে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব মাহমুদ হাসান মনসুর এক অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশে দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনিয়ম ও দুর্নীতির দায়ে বিটিটিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। প্রধানমন্ত্রী মামলার অভিযোগ তদন্তের জন্য অনুমোদন দেওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশফাক হামিদকে আহবায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, সাবমেরিন কেবলের মাধ্যমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পে আন্তর্জাতিক দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) মেসার্স নরটেল নেটওয়ার্ক নেতাস ৩৩ কোটি ৮০ লাখ টাকা এবং মেসার্স সিমেন্স মোবাইল কমিউনিকেন্স এসপিএ ৪৯ কোটি ৬০ লাখ টাকা দরপত্র প্রদান করে। যোগ্য ঘোষিত এ দুটি সংস্থার দরে ১৬ কোটি ২০ লাখ টাকার পার্থক্যের কারণে সিমেন্সকে বিবেচনায় না এনে নরটেলকে সর্বনিম্ন দরদাতা হিসেবে মনোনিত করা হয়।
পরে দরপত্র মূল্যায়ন কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম নানা অযৌক্তিক অজুহাত দেখিয়ে নরটেলকে অযোগ্য ঘোষনা করে এবং উপ কমিটির প্রতিবেদনে অযোগ্য ঘোষিত এলকাটেলকে সর্বনিম্ন দরদাতার চেয়ে ৪ কোটি ২০ লাখ টাকা বেশি ব্যয়ে কাজ দেওয়ার সুপারিশ তৈরি করে ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিতে পাঠান।
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে বিটিটিবির চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতি সুস্পষ্টভাবে ধরা পড়ে।
সাবমেরিন কেবল প্রকল্পের দরপত্রে মূল্যায়ন কমিটির অস্বচ্ছতার অভিযোগ উথাপিত হওয়ায় মন্ত্রী পরিষদ বিভাগ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে এবং প্রতিটি কমিটির তদন্তেই অনিয়ম ও দুর্নীতি ধরা পড়ে।
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পের কাজ অহেতুক বিলম্ব ও অনিয়মের আশ্্রয় গ্রহণকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়।
ওই কর্মকাণ্ডের পর বিটিটিবির চেয়ারম্যান নুরুল ইসলামকে ওএসডি করা হয়। পরবর্তীতে সাবমেরিন ক্যাবল প্রকল্পের নতুন দরপত্র আহবান করা হয় এবং দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে তুরকিস্থানের হেসফেবল কোম্পানি অনুমোদন পায়।
