২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আরো দুটি পানি শোধনাগার হচ্ছে

ঢাকা মহানগরীর পানি স্বল্পতা দূর করতে আরো দুটি পানি শোধনাগার স্থাপন করা হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

এগুলো হচ্ছে, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায় এবং কল্যাণপুর/কেরানীগঞ্জ পানি শোধনাগার প্রকল্প।

বিএনপি সাংসদ এমএ হাসেমের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বুধবার জাতীয় সংসদে একথা জানান।

মন্ত্রী জানান, সায়েদাবাদ দ্বিতীয় প্রকল্পে দৈনিক ২২ কোটি লিটার এবং মাওয়া পয়েন্টে কল্যাণপুর /কেরাণীগঞ্জ প্রকল্পে ৪৫ কোটি লিটার পানি উৎপাদন হবে।

শাহ রুহুল কুদ্দুসের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা সিটি করপোরেশনের মালিকানাধীন প্রায় ১০৪টি মার্কেটে মোট ২৪ হাজার ৪৮টি দোকান রয়েছে। এর মধ্যে ২১টি মার্কেটের এক হাজার ২৭৪টি দোকান বর্তমানে বরাদ্দের অপেক্ষায় রয়েছে।

বিএনপি সাংসদ এমএএইচ সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার প্রতিটি উপজেলায় ল্যাবরেটরি স্থাপন ও পাইপ লাইনের মাধ্যমে আর্সেনিকমুক্ত পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে। বৈদেশিক সহায়তা পাওয়া গেলে এ বছরই এর কার্যক্রম শুরু হবে।

এসএ সুলতানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা মহানহরীর জলাবদ্ধতা নিরসনে সরকার প্রয় ২০ কোটি টাকা বরাদ্দ করেছে। ওই অর্থে মহানগরীর বিভিন্ন এলাকায় পাইপ ড্রেন নির্মাণ এবং খাল উন্নয়নের কাজ করা হবে।

গোলাম মোহাম্মদ কাদেরের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, ঢাকা মহানগরীর জন-গুরুত্বপূর্ণ রাস্তার পাশে বর্তমানে কোনো ময়লা আবর্জনা ফেলা হয় না। এজন্য সিটি করপোরেশন রাস্তার পাশের বিভিন্ন পিলারের সাথে প্রায় ২০ হাজার লিটার বিন স্থাপন করেছে।

এছাড়া ঢাকা শহরের আবর্জনা সংগ্রহ ও অপসারণের পর রি সাইক্লিংয়ের মাধ্যমে তা সম্পদে পরিণত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গোলাম মোহাম্মদ সিরাজের এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া জানান, সরকার ২০১০ সালের মধ্যে সবার জন্য স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এজন্য বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন ও অক্টোবর মাসকে স্যানিটেশন মাস হিসেবে পালন করা হচ্ছে।

এছাড়া দুবছর মেয়াদে ৫০ কোটি টাকা ব্যয়ে জাতীয় স্যানিটেশন প্রকল্পের আওতায় প্রায় আট লাখ ৪৬ হাজার রিং স্লাব সরবরাহ করা হচ্ছে।