২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু’টির বেশি সন্তান গ্রহণকারী দম্পতিদের বিরুদ্ধে জরিমানার আইন প্রণয়নের প্রস্তাব, সংসদ বুধবার পর্যন্ত মুলতবি

দেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে দুই সন্তানের বেশি সন্তান গ্রহণকারী দম্পতিদের বিরুদ্ধে জরিমানার বিধান করে জাতীয় সংসদে আইন প্রণয়নের দাবি জানালেন বিএনপির সাংসদ সুলতান মাহমুদ বাবু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

মঙ্গলবার সংসদে ৭১ বিধিতে আনা এক জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশে তিনি এ দাবি জানান।

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

মাগরিবের নামাজের বিরতির পর সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের বৈঠক শুরু হলে ৭১ বিধিতে আনা নোটিশের নিষ্পত্তি করেন স্পিকার। ১৫টি বাতিল নোটিশের ওপর আলোচনার পর গৃহীত তিনটি নোটিশের নিষ্পত্তি করা হয়।

সুলতান মাহমুদ বাবু একই দিনে বাতিল নোটিশের পর গৃহীত নোটিশের ওপর আলোচনায় অংশ নিলে একই দলের সাংসদ সাঈদ ইস্কান্দার এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনটি নোটিশের নিষ্পত্তির পর স্পিকার এ বিষয়টিরও নিষ্পত্তি করেন স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

সুলতান মাহমুদ বাবুর ওই নোটিশের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বিষয়টি সরকার বিবেচনা করে দেখবে বলে সংসদকে জানান।

পরে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সাংসদ আব্দুল মোতালেব আকন্দ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের বেতন ও ভাতা বৃদ্ধির জন্যে সংসদে আনা বিলের বিষয়ে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি সংসদ বর্জন করার পরও বিরোধী দলের সদস্যদের বেতন ও ভাতা গ্রহণেরও বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

সংসদে মঙ্গলবার দুটি আইনের সংশোধনীর জন্যে বিল আনা হয়। স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া ‘বিশুদ্ধ খাদ্য (সংশোধনী) আইন, ২০০৫’ এবং কৃষি মন্ত্রী এমকে আনোয়ার ‘দি সীডস (সংশোধনী) আইন, ২০০৫’ সংসদে উপস্থাপন করেন।

বিলগুলো যাচাই-বাছাইয়ের জন্যে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

সংসদ অধিবেশন বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।