২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশুদ্ধ খাদ্য আইনের সংশোধনী বিল সংসদে উত্থাপিত

খাদ্যে ভেজাল মিশ্রণজনিত সমস্যা রোধে ‘বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, ১৯৫৯’-এর সংশোধন করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 08:13 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

মঙ্গলবার জাতীয় সংসদে এ সংক্রান্ত একটি বিল উত্থাপণ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া ‘বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য (সংশোধন) আইন, ২০০৫’ নামে এ বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

প্রন্তাবিত সংশোধনীতে হোটেল , রেস্তোঁরা, আবাসিক হোটেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রস্তুতকারক ও বিক্রয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভেজাল খাদ্য ও নিকৃষ্ট মানের খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির মতো অপরাধের জন্য শাস্তি হিসেবে সর্বোচ্চ তিন বছরের কারদন্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও এ আইনে খাদ্যের মান পরীক্ষাকারী বা সংশ্লিষ্ট কোন কর্মকর্তাকে তার কাজে বাধা দেওয়া হলে তার শাস্তি তিন লাখ টাকা এবং তিন বছরের কারাদন্ডের বিধান রাখা হচ্ছে। এ আইনে সর্বনিন্ম পাঁচ হাজার টাকা ও তিন মাসের কারাদন্ডের বিধান রাখা হয়েছে।