২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় জড়িত সন্দেহে সারাদেশে আরও ৭ জন গ্রেফতার

দেশজুড়ে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে পুলিশ নারায়ণগঞ্জ, জয়পুরহাট, ঠাকরগাঁও ও গোপালগঞ্জ থেকে আরও সাত জঙ্গিকে গ্রেফতার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বিডিনিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তিন জঙ্গিকে গ্রেফতার করে। সোমবার গভীর রাতে থানার পঞ্চবটির শাসনগাঁও এলাকার বিল্লাল মিয়ার মেস থেকে সাজু মিয়া (২৫), রফিকুল ইসলাম ও মেহেদী হাসানকে (২৫) গ্রেফতার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে জেএমবি’র বেশ কিছু বইপত্র, লিফলেট এবং অন্যান্য কাগজপত্র উদ্ধার করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হয়েছে বলে পুলিশ জানায়।

বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামা’আতুল মুজাহিদীনের সদস্য সন্দেহে পুলিশ সোমবার গভীর রাতে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার উড়ি গ্রামের মুমিনুল ইসলাম (৩০) ও কালাই উপজেলার বাখরা গ্রামের মোফাজ্জল হোসেন ওরফে মোফা (২৯)। বোমা হামলায় জড়িত সন্দেহে পুলিশ ও র‌্যাব এ পর্যন্ত এ জেলা থেকে ২৩ জনকে গ্রেফতার করেছে।

বিডিনিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, সোমবার রাতে ঠাকরগাঁওয়ে জামা’আতুল মুজাহিদীনের সদস্য সন্দেহে পুলিশ আব্দুল সালাম নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সালামের বাড়ি রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামে। এ নিয়ে এ জেলায় গ্রেফতারকৃত জঙ্গির সংখ্যা ছয়জনে দাঁড়ালো।

এদিকে বিডিনিউজ গোপালগঞ্জ প্রতিনিধি জানান, জঙ্গি সন্দেহে গোপালগঞ্জের কাশিয়ানি থেকে সোমবার গভীর রাতে মুফতি শিহাব উদ্দিন নামে এক ইমামকে পুলিশ গ্রেফতার করেছে।