২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরপুরে সন্ত্রাসীদের গুলিতে কলেজ ছাত্র খুন

রাজধানীর মীরপুরে মঙ্গলবার সকালে সন্ত্রাসীদের গুলিতে মীরপুর কমার্স কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কাফরুলের ১৫৫/উত্তর ইব্রাহিমপুরের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে কামরুল (২২) সকাল ৭ টায় বাসা থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তার মাথা এবং বুকে তিনটি গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে এবং পরে মহাখালী বক্ষ ব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুর ১২ টার দিকে আবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

কামরুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে থাকা তার বন্ধুদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা ঢাকা মেডিকেলের ডাক্তার, কর্মচারি এবং নার্সদের ওপর চড়াও হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাঁদাবাজরা তাকে খুন করেছে।

এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।