জামালপুরে এক তালিকাভুক্ত জঙ্গি গ্রেফতার
তালিকাভুক্ত শীর্ষ জঙ্গি ওবায়দুরকে রোববার জামালপুর জেলার মাদারগঞ্জ থানা পুলিশ মিয়াসাব পাড়াস্থ তার শ্বশুড়বাড়ি থেকে আটক করেছে।
সূত্র জানায়, গোপনসূত্রে খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ মিয়াসাব পাড়ায় অবস্থিত ওবায়দুরের শ্বশুরবাড়িতে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে তার চাচা শ্বশুরের ঘর থেকে ওবায়দুরকে আটক করা হয়। সোমবার তাকে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহম্মদ জানান, ওবায়দুরকে ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমানের আদালতে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমানের সাথে এক বছর ধরে যোগযোগ নেই বলে জানিয়েছে ওবায়দুর। সে বোমা হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
