২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে মায়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হবে

রমজান মাসকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীরা মায়ানমার থেকে পেঁয়াজ আমদানি করতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বাণিজ্য উপদেষ্টা বরকতুল্লাহ বুলু বিডিনিউজকে জানান, আমদানিকারকরা এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং তাদের সহযোগিতা করতে ইয়াঙ্গুনে আমাদের রাষ্ট্রদূতকে অনুরোধ জানানো হয়েছে।

পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ভারত থেকে যারা পেঁয়াজ আমদানি করতেন তাদের মায়ানমার থেকে পেঁয়াজ আমদানির অনুরোধ জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক হিসাবে দেখা গেছে, দেশে বছরে পাঁচশ’ কোটি টাকার পেঁয়াজ আমদানি করে থাকে।

১৩ শতাংশ আমদানি শুল্ক বৃদ্ধি ও অন্যান্য কারণে বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ২১ টাকায় দাঁড়িয়েছে। আমদানিকারকরা জানান, ভারত যদি আবার পেঁয়াজের দাম বাড়ায় তাহলে বাজারে পেঁয়াজের সংকট দেখা দেবে।

ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রতি টন পেঁয়াজের দাম পড়ত ১৬৫ থেকে ১৭৫ মার্কিন ডলার। মাত্র এক মাসের মধ্যে ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে টন প্রতি ২৩০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে ভারতীয় পেঁয়াজ আমদানিকারকরা জানান।

কৃষি দ্রব্য আমাদানিকারক সমিতি ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক খন্দকার বাবুল বলেন, এলসি খোলা ছাড়া মায়ানমার থেকে পেঁয়াজ আমদানির কোনও সুযোগ নেই। তরপরও কাউন্টার ট্রেডিং হিসেবে মায়ানমার থেকে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আমদানিকারকরা চান, মায়ানমারের প্রকৃত সরবরাহকারীদের সাথে সরকার তাদের পরিচয় করিয়ে দিক।

পেঁয়াজ আমদানিকারক ও সরবরাহকারী সাধন চন্দ্র দাস জানান, ভারতীয় রফতানিকারকরা রমজান উপলক্ষ্যে প্রায়ই দাম বাড়িয়ে দেয়। তিনি বলেন, এক্ষেত্রে আমাদের যদি বহুবিধ আমদানি উৎস থাকে তাহলে দাম বাড়ানোর আগে তারা দুইবার ভেবে দেখবে।

সাধন চন্দ্র দাসের মতো একই ধরনের মত প্রকাশ করে কৃষি দ্রব্য আমাদানিকারক সমিতি ঢাকা মহানগর শাখার সভাপতি হাবিবুর রহমান বলেন, পেঁয়াজের দাম টন প্রতি ১৭০ মার্কিন ডলার হলেই কেবল আমরা মায়ানমার থেকে পেঁয়াজ আমদানি করব।

তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির কোনও সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে বরকতুল্লাহ বুলু বলেন, দূরত্বের কারণে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির ব্যাপারে সরকার তেমন আগ্রহী নয়।

তিনি বলেন, পচনশীল দ্রব্য হওয়ায় তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি সম্ভব হবে না।