যশোরে সাংবাদিক শামছুর রহমান হত্যা মামলার কার্যক্রম স্থগিত
যশোরে সাংবাদিক শামছুর রহমান হত্যা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাটির নির্ধারিত তারিখ ছিল ১২ সেপ্টেম্বর সোমবার।
আদালত সূত্র জানায়, চাঞ্চল্যকর মামলটি যশোর জজ আদালত থেকে ৫ জুন খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ইতোমধ্যে বেশ কয়েকজন সাক্ষি আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন। বাদি সেলিনা আক্তার লাকিও মামলার গত ধার্য তারিখে হাজির ছিলেন।
বাদি পক্ষের বক্তব্য, মামলাটির অন্যতম আসামি খুলনার টপ টেরর হিরক যেহেতু পলাতক রয়েছে, সে কারণে খুলনা গিয়ে মামলা পরিচালনা তাদের জন্যে ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় বাদি সেলিনা আক্তার লাকি মামলটির কার্যক্রম স্থগিত করতে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন।
শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. আবদুর রশিদ এবং বিচারপতি ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ রোববার খুলনা দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারাধীন মামলাটির কার্যক্রম স্থগিত করেন।
২০০০ সালের ১৬ জুলাই সন্ধ্যারাতে যশোর অফিসে কর্মরত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে দৈনিক জনকন্ঠ প্রতিনিধি শামছুর রহমান নিহত হন।
