মন্ত্রীর অজ্ঞাতে জারি করা সরকারি হাসপাতালে বিভিন্ন প্রকার চার্জ বৃদ্ধির পরিপত্র বাতিল
সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবার বিনিময়ে রোগীদের কাছ থেকে নেওয়া বিভিন্ন প্রকার সারচার্জ বৃদ্ধি সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জারি করা পরিপত্র রোববার বাতিল করা হয়েছে।
পরিপত্রটি (নং স্বাপ/হাস-২ বিবিধ-৩৫/২০২(অংশ-২)/৫৯১, তারিখ: ৩/৯/২০০৫) গত ৩ সেপ্টেম্বর জারি করা হয়। সূত্র জানায়, মন্ত্রীর অনুমোদন ছাড়া তার অজ্ঞাতেই সাবেক সচিব চার্জ বৃদ্ধি সংক্রান্ত এ পরিপত্র জারির নির্দেশ দিয়েছিলেন।
মন্ত্রণালয় সূত্র আরও জানায়, এ পরিপত্রের সাথে সরকারের নীতি নির্ধারণী মহল বা মন্ত্রীর কোনও সম্পৃক্ততা ছিল না।
স্বাস্থ্য সেবার মানোন্নয়নের নামে জারি করা ওই পরিপত্রের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা প্রাথমিক স্তর জেলা হাসপাতাল বা মাধ্যমিক স্তর ও টারশিয়ারি পর্যায়ের হাসপাতালের বহিঃবিভাগ/জরুরী বিভাগের টিকিট, পেয়িং বেড, কেবিন, অ্যাম্বুলেন্স, এক্স-রেসহ বিভিন্ন প্রকার পরীক্ষার চার্জ বাড়ানো হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা হয়, এ পরিপত্রের মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠি আরও বিপাকের পড়বে মনে করে মন্ত্রীর নির্দেশে তা বাতিল করা হয়।
সূত্র জানায়, মন্ত্রণালয়ের সাবেক সচিব আফম সারোয়ার কামাল (বর্তমানে ইন্টারন্যাশনাল জুট ইন্সটিটিউটের মহাপরিচালক) একক সিদ্ধান্তে চার্জ বৃদ্ধির পরিপত্রটি জারি করেন।
তবে সূত্র বলেছে, এক্ষেত্রে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কোনও সুযোগ নেই। তবে এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, যেহেতু এটি নীতি সংক্রান্ত একটি বিষয়, সেকারণেই এ ফাইলটি মন্ত্রীর কাছে আসা প্রয়োজন ছিল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফাইলটি যদি তিনি পাঠাতেন তাহলে এত বড় সিদ্ধান্ত আমি একা না নিয়ে মন্ত্রী পরিষদে উত্থাপন করতাম।
তিনি আরও বলেন, এই মুহূর্তে চার্জ বাড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ, দাতা সংস্থা এবং অর্থমন্ত্রণালয়ের কোনও চাপ নেই। সে কারণে চার্জ বাড়ানোর কোনও কারণ নেই। তিনি (সাবেক সচিব) গত ৩১ আগস্ট মন্ত্রণালয়ে শেষ অফিসের দিন চার্জ বৃদ্ধির পরিপত্রটির অনুমোদন দেন।
মন্ত্রী জানান, এ ব্যাপারে সোমবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
তবে অপর একটি সূত্র জানায়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে চাপ বেড়ে যাওয়ায় সরকার স্বাস্থ্যখাতে চার্জ বৃদ্ধির এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
