২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী পাকিস্তানি প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ বলেছেন, বাংলাদেশ এবং পাকিস্তান দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাভিদ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 02:39 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম শনিবার তাঁর অফিসে সাক্ষাৎ করতে গেলে পাকিস্তান প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, এর ফলে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা আসতে পারে। আজিজ আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে কোনো ধরনের সহযোগিতার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকা উচিত নয়। তিনি বলেন, পাকিস্তান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তি স্থাপনে আগ্রহী। আর এটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতেই সম্ভব হবে।

তিনি বলেন, তার দেশ প্রতিরক্ষা ব্যবস্থাপনার আওতায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে গ্রহণযোগ্য মাত্রা বজায় রাখছে। উভয় দেশের বিদ্যমান সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে পাকিস্তানি প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ঢাকা সফরকালে সম্পাদিত চুক্তি অনুযায়ী উভয় দেশ একে অপরের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে।

শওকত আজিজ আরও বলেন, প্রতিরক্ষা ব্যবস্থাপনায় প্রস্তুতির ক্ষেত্রে পাকিস্তান ইতিবাচকভাবে আধুনিক প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে। তিনি বলেন, ইসলামাবাদ-চীন যৌথভাবে জেএফ-১৭ ফাইটার বিমান তৈরি করেছে। দ’দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের জন্যে এটি প্রয়োজন ছিলো। তিনি উল্লেখ করেন, আমাদের বন্ধুসুলভ দেশগুলোর বাজারে জেএফ-১৭ ফাইটার বিমান সহজভাবে পাওয়া যাবে।

শওকত আজিজ এসময় উল্লেখ করেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিশ্বাস ও মূল্যবোধ নিয়ে যথেষ্ট মিল রয়েছে। সার্কভুক্ত দেশ হিসেবে উভয় দেশ এ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, নভেম্বরে ঢাকায় সার্কের ত্রয়োদশ সম্মেলন এ সম্ভাবনাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান বলেন, বিমান বাহিনীর প্রশিক্ষণ, ব্যবস্থাপনা এবং পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে উভয় দেশ ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারে। তিনি আরও বলেন, পারস্পরিক দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিদ্যমান সম্পর্ককে আরও সম্প্রসারণ করা যেতে পারে।