প্রধানমন্ত্রী সোমবার নিউইয়র্ক যাচ্ছেন, দেশজুড়ে কড়া সতর্কতা
জাতিসংঘের ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সোমবার নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
এদিকে সম্ভাব্য জঙ্গি হামলা প্রতিহত করতে দেশজুড়ে কঠোর নিরাপত্তা সতর্কতা গ্রহণ করা হয়েছে।
আগস্টের ১৭ তারিখ প্রধানমন্ত্রীর চীন যাত্রার কয়েক ঘন্টা পরেই বোমা বিস্ফোরণে সারাদেশ কেঁপে ওঠে।
ইউএনজিএ-তে বক্তব্য দেয়া ছাড়াও সফরকালে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে আলোচনা করবেন।
এ সময় প্রধানমন্ত্রী পাকিস্তান, মালদ্বীপ, মোজাম্বিক এবং শ্রীলংকার প্রেসিডেন্ট ও থাইল্যাণ্ডের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি ইউনিসেফ ও ইউএনপিডি’র নির্বাহী পরিচালকদের সাথে আলোচনা করবেন।
পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকাসহ বিভিন্ন ইস্যুর ওপর আলোকপাত করবেন।
সূত্র জানায়, ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সম্ভাব্য নতুন জঙ্গি হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
কুষ্টিয়া কর্তৃপক্ষ শনিবার জেলায় সম্ভাব্য বোমা হামলা ও সন্দেহভাজন ইসলামী অথবা জামাআতুল মুজাহিদিন জঙ্গিদের অন্তর্ঘাতমূলক তৎপরতার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে।
সূত্র জানায়, নতুন করে হামলা হতে পারে, এমন কোনও নির্দিষ্ট তথ্য নেই। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জরুরী মুহূর্তে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সব জায়গায় নজর রাখতে বলা হয়েছে।
পুলিশের এক ঊধ্বর্তন কর্মকর্তা বিডিনিউজকে জানান, নতুন করে হামলার ব্যাপারে তাদের কাছে এ ব্যাপারে নির্দিষ্ট কোনও তথ্য নেই। তারপরও তারা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন, যাতে কোনও অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি না হয়।
তিনি বলেন, আগাম পদক্ষেপ হিসেবে র্যাব, বিডিআর ও কোস্টগার্ডসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সতর্কাবস্থা জারি করা হয়েছে।
বিমান বন্দর, সীমান্ত এলাকা, সমুদ্র বন্দর, নৌপথ ও মহাসড়কসহ দেশের সকল গুরুত্বপূর্ণ স্থানে সতর্কাবস্থা বজায় রাখা হয়েছে।
