বিশ্ব ব্যাংকের মত অনুযায়ী মাধ্যমিকের একমুখী শিক্ষা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে: গোল টেবিল আলোচনা
সংশ্লিষ্ট কোনো মহলের সঙ্গে আলোচনা ছাড়াই বিশ্ব ব্যাংকের মতানুযায়ী হঠাৎ করে মাধ্যমিক স্তরে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার উদ্যোগ শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ‘শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন’ উপ কমিটি আয়োজিত ‘মাধ্যমিক পর্যায়ে একমুখী শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল,শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন উপ কমিটির সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল বায়েস, জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্টের আহ্বায়ক কাজী ফারুক আহমেদ প্রমুখ।
বৈঠকে বক্তারা বলেন, শিক্ষা সংশ্লিষ্ট কারো সাথে আলোচনা না করেই ৪৩ বছর পর মাধ্যমিক স্তরে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে সরকার একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এটি শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকল মহলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
তারা আরো বলেন, শিক্ষকদের কোনোরকম প্রশিক্ষণ এবং পর্যাপ্ত ব্যবস্থা না করেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
