প্রশাসনে এসিআর জালিয়াত কর্মকর্তা-কর্মচারিদের চিহ্নিত করতে অভিযান
প্রশাসনে এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) জালিয়াত কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে সংস্থাপন মন্ত্রণালয় অভিযান শুরু করেছে।
সম্প্রতি বেশ কিছু বেনামী চিঠির ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংস্থাপন মন্ত্রনালয়কে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়। এতে যেসব কর্মকর্তা ও কর্মচারি এসিআর জালিয়াতি করে চাকরি করছেন এবং পদোন্নতি নিয়েছেন, তাদের চিহ্নিত করতে বলা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ অভিযানের প্রথম দফায় প্রত্যেক মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং জেলা ও উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করার জন্যে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, সচিব থেকে শুরু করে ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারি পর্যন্ত অনেকেই চাকরির মেয়াদ বৃদ্ধি এবং পদোন্নতির জন্যে তাদের এসিআর টেম্পারিং করেছেন বলে সরকারের উচ্চ পর্যায়ে তথ্য রয়েছে। এ তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এসিআর টেম্পারিংয়ের মাধ্যমে পদোন্নতি লাভকারী এবং বয়স কমিয়ে চাকরিতে নিয়োজিত থাকা কর্মকর্তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংস্থাপন মন্ত্রণালয়কে নির্দেশ দেয়।
সম্প্রতি বেশ কিছু বেনামী চিঠিতে বলা হয়েছে, প্রশাসন ক্যাডারের অনেক কর্মকর্তা-কর্মচারি তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন জালিয়াতি করে পদোন্নতি নিয়েছেন। অনেকে বয়স কমিয়ে চাকরির মেয়াদ বাড়িয়েছেন। এসিআর জালিয়াতি করে সচিব পদমর্যাদার একাধিক কর্মকর্তাও চাকরি করছেন।
এ ধরনের গুরুতর অভিযোগ পাওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টির দিকে দৃষ্টি এবং তা তদন্তের নির্দেশ দেয়।
সূত্র আরও জানায়, এসিআর জালিয়াতি বন্ধের জন্যে সরকারের উচ্চপর্যায়ে বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয়। বৈঠকের পর্যালোচনায় অতীতের এ ধরনের বেশ কয়েকটি ঘটনা আলোচনায় আসে। এর মধ্যে সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের বয়স কমিয়ে চাকরির মেয়াদ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি কর্মকর্তা কর্মচারিদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন ভবিষ্যতে আর কেউ যেন জালিয়াতি করতে না পারে, সেজন্যে সংস্থাপন সচিব এএসএম আব্দুল হালিম শনিবার পৃথক দুটি প্রজ্ঞাপনও জারি করেছেন।
প্রত্যেক মন্ত্রণালয়ের সচিব, ভারপ্রাপ্ত সচিব, সকল বিভাগের বিভাগীয় কমিশনার, প্রত্যেক জেলার জেলা প্রশাসকসহ দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্যে এ প্রজ্ঞাপন পাঠানো হয়েছে।
সংস্থাপন সচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, এসিআরে প্রতি-স্বাক্ষরকারী কর্মকর্তা অবসরে যাওয়ার পর এবং কোন কোন ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মকর্তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাদের নিকট থেকে এসিআর-এ অনুস্বাক্ষর/প্রতিস্বাক্ষর নেয়া সম্ভব হচ্ছে না।
বিষয়টি পর্যালোচনা করে সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আবেদনকারী/প্রতি-স্বাক্ষরকারী কর্মকর্তার অবসর গ্রহণ অথবা চুক্তির মেয়াদ শেষ হওয়ার একবছর পর্যন্ত তিনি বার্ষিক গোপনীয় অনুবেদন লিখতে বা প্রতি-স্বাক্ষর করতে পারবেন।
অপর প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে যুগ্ম-সচিব এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণের বার্ষিক গোপনীয় অনুবেদনে ‘বিরূপ’ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত মন্তব্যকে প্রকৃতই মন্তব্য হিসেবে গণ্য করা হবে কিনা, তা এসএসবি বৈঠকে নির্ধারিত হবে।
