ধূমপান অন্ধত্বের ঝুঁকি বাড়ায়
একজন অধূমপায়ীর চেয়ে একজন ধূমপায়ীর পরবর্তী জীবনে অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি। সম্প্রতি এক গবেষণার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ব্রিটেনের প্রায় পাঁচ লাখ লোক বয়স সম্পর্কিত ম্যাকিউলার ডিজেনারেশন (এএমডি) রোগে ভুগছেন। এর মধ্যে ৫৪ হাজারই ধূমপানের প্রতিক্রিয়ায় এ রোগে ভুগছেন।
সাধারণত একজন ব্যক্তির বয়স পঞ্চাশে পৌঁছে গেলে তার মধ্যে এএমডি রোগের লক্ষণ দেখা যায়। এটি চোখের রেটিনার কেন্দ্রবিন্দুকে আক্রমণ করে।
১,০২৩ জন ব্রিটিশ পূর্ণ বয়স্কের উপর জরিপ চালিয়ে এএমডি অ্যালায়েন্স ইউকে এ তথ্য বের করে।
দ্য ডেইলি মেইলের ইন্টারনেট ভার্সনের প্রতিবেদনে বলা হয়, মাত্র সাত শতাংশ মানুষই জানে, ধূমপানের ফলে চোখ এএমডি রোগে আক্রান্ত হতে পারে।
রয়্যাল ন্যাশনাল ইনস্টিটিউট অব দ্য ব্লাইন্ড (আরএনআইবি) প্রতিষ্ঠানের প্রধান ও এএমডি অ্যালায়েন্স ইউকে’র চেয়ারম্যান স্টিভ উইনইয়ার্ড বলেন, একমাত্র ধূমপানের কারণেই যে এএমডি রোগ হয় এটা প্রমাণিত। তবে অধিকাংশ মানুষই ধূমপানের সাথে এএমডির যোগসূত্র খুঁজে পায় না। এমনকি অনেকেই এ সম্পর্কে জানেই না।
এএমডি প্রতিরোধের উপায় সম্পর্কে বলতে গিয়ে স্টিভ বলেন, ব্যাপারটি অতি সহজ। ধূমপান করা যাবে না। আর যদি কেউ এ যাবৎ ধূমপান করে থাকেন, তাহলে তাদেরকে এখনই তা বন্ধ করতে হবে।
ধূূমপায়ীদের সচেতন করার অংশ হিসেবে সিগারেটের প্যাকেটের সাথে এএমডি’র ক্ষতিকর দিক ও ঝুঁকি সংযোজন করতে আরএনআইবি সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে। এছাড়া ধূমপান থেকে চোখের রোগে আক্রান্ত হওয়া সংক্রান্ত ব্যাপারে জনসচেতনতামূলক অভিযানে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
