২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারও বিদ্যুৎ বিপর্যয়, জনজীবন বিপর্যস্ত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো আবারও মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পড়েছে। দফায় দফায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এ এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 09:39 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এসব এলাকার বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন অন্তত আট কোটি টাকার উৎপাদন ব্যাহত হচ্ছে।

খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সূত্রে অর্থনৈতিক ক্ষতির এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পিডিবি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে যোগ দিতে শনিবার খুলনায় আসছেন। এসময় তিনি এলাকার বিদ্যুৎ পরিস্থিতির ব্যাপারে বিদ্যুৎ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করবেন।

গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে বিদ্যুৎ বিভাগের সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলায় প্রতিদিন অন্তত তিনশ’ থেকে সাড়ে তিনশ’ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকছে বলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্র জানায়।

বিদ্যুৎ বিভাগের একটি সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার আকস্মিকভাবে খুলনা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সবচেয়ে বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ইউনিটটি বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। ইউনিটটি পুনরায় চালু হতে অন্তত আরো এক সপ্তাহ সময় লাগবে।

অন্যদিকে একই কারণে ওই কেন্দ্রের অপর ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ ইউনিটটি দু’দিনের মধ্যে বিকল হয়ে পড়তে পারে বলে সূত্র আশংকা প্রকাশ করছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, খুলনা, বরিশাল বিভাগের ১৬ জেলা ও ফরিদপুর অঞ্চলের ৫ জেলা নিয়ে গঠিত খুলনা জোন। বাণিজ্যিক ও সাধারণ মিলিয়ে এ জোনের গ্রাহক সংখ্যা প্রায় তিন কোটি।

সূত্র আরও জানায়, শুক্রবার একুশ জেলায় সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদিত ২৩৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। অথচ চাহিদা সাড়ে পাঁচশ’ মেগাওয়াট।

বিদ্যুৎ সংকট ঘোচাতে সরকার খুলনায় ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও তা বাস্তবায়নের উদ্যোগ নেই। আবার পুরানো বিদ্যুৎ ইউনিটগুলোও নিয়মিত সংষ্কার না করার ফলে এগুলো একে একে বিকল হয়ে পড়ছে। তিন আগে অগ্নিকাণ্ডের কারণে খুলনার ২৮ মেগাওয়াটের বার্জ মাউটেন্ডের এক নম্বর ইউনিটটি বন্ধ হয়ে গেছে। অপরটি চলছে ধুকে ধুকে। সেটি থেকে উৎপাদন হচ্ছে গড়ে ১৪ মেগাওয়াট।

সূত্র আরও জানায়, খুলনার টিজি-১৪ ও জিটি-১০ নামে ছোট দু‘টি ইউনিট পরিত্যক্ত হয়ে আছে ৯২ সাল থেকে। ওই দু’টি ইউনিটের উৎপদন ক্ষমতা ছিল প্রায় ২২ মেগাওয়াট। মোটা অংকের অর্থ ব্যয়ে কয়েক দফা মেরামত ও রক্ষাণাবেক্ষন করার পরও ইউনিটটি চালু করা যায়নি। কুষ্টিয়ার ভেড়ামারায় ২০ মেগাওয়াটের দুটি ইউনিটের মেরামত কাজ এখনও শেষ হয়নি।

খুলনা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান প্রকৌশলী সামসুল হক বিডিনিউজকে জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন হ্রাস ও ইস্ট-ওয়েস্ট ইন্টার কানেক্টর থেকে ন্যাশনাল গ্রিডে তুলনামূলক কম বিদ্যুৎ সরবরাহের কারণে এ অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকদের জন্য চাহিদা মাফিক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।