২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আটক ৫ জেএমবি সদস্য ১৪ দিন রিমাণ্ডে

ঢাকায় বৃহস্পতিবার জামা’আতুল মুজাহিদীন প্রধান শায়খ আব্দুর রহমানের ভাইয়ের বাসা থেকে বিপুল অস্ত্র, গুলি, ও অন্যান্য সামগ্রীসহ আটক পাঁচ জেএমবি সদস্যকে শুক্রবার ১৪ দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এছাড়া বিস্ফোরক, সিডি ও অন্যান্য তথ্য সামগ্রীসহ আটক অপর দুই জেএমবি সদস্যকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এছাড়াও পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা আব্দুর রহমানের ভাই হাসান ওরফে আতাউর রহমানকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়।

সূত্র জানায়, তারা ১৭ আগস্টের বোমা হামলার সাথে জড়িত আরও অনেক জঙ্গির নাম সংগ্রহ করেছেন।

র‌্যাব সূত্র জানায়, মোহাম্মদ নূর আজম, বেলাল হোসেন, জাকারিয়া, ইয়াসির ও তার স্ত্রী আলেয়া ফেরদৌসী আয়েশাকে অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত দু’টি মামলায় ১৪ দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে।

র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার রাজধানীর পূর্ব বাসাবোর পাটওয়ারী লেনের ১০২/১ নম্বর বাড়ি থেকে তাদের আটক করে। র‌্যব-১ এর সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করছে।

হবিগঞ্জে আটক জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীরের ছেলে শামীমের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তাদের আটক করে। শামীমকে বুধবার হবিগঞ্জ থেকে আটক করে বৃহস্পতিবার ঢাকায় নিয়ে আসা হয়।

এসময় তাদের কাছে থাকা ১৭ আগস্টের বোমা হামলার সময় বিতরণ করা লিফলেটের একটি কপি, বোমা তৈরির ৭০০ ক্যাপাসিটর, অস্ত্র ও গান পাউডার এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

অপরদিকে, আটক আব্দুস সাত্তারের স্ত্রী শাম্মী আখতার (২০) এবং তাদের কাজের ছেলে লোকমানকে (১২) সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশ বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণ গোড়ানের ৩৬০/এ বাড়ি থেকে বিস্ফোরক ও অন্যান্য সামগ্রীসহ তাদের আটক করে।

র‌্যাব সদস্যরা পূর্ব বাসাবোর পাটওয়ারী লেনের ১০২/১ নম্বর বাড়ির ছয় তলা থেকে আবদুল্লাহ নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।